মানসিক রোগগ্রস্ত স্বজনকে লুকিয়ে রাখে অনেক পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক বিশ্ববিদ্যালয় আয়োজিত এক সেমিনারে মনোবিজ্ঞানী ও চিকিৎসকেরা বলেছেন, বাংলাদেশের অনেক পরিবারই এখনো মানসিক রোগগ্রস্ত স্বজনকে লুকিয়ে রাখে। মানসিক রোগীরা মানুষের মর্যাদা পান না। আবার যে পরিবারে মানসিক রোগী আছে, সে পরিবারটিকেও সমাজ কখনো কখনো একঘরে করে ফেলে।


বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে মানসিক স্বাস্থ্যে মর্যাদাবোধ নিয়ে আজ বৃহস্পতিবার সেমিনারটির আয়োজন করা হয়। এতে আলোচকেরা বলেন, একজন মানুষকে তখনই সুস্থ বলা হবে যখন সে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবে। মানসিক অসুস্থতার অনেক ধরন আছে। জীবনের বিভিন্ন পর্যায়ে মানুষ মানসিকভাবে অসুস্থ হয় এবং বেশির ভাগ সময় তা লুকিয়ে রাখে। মানসিক সমস্যায় ভোগা মানুষকে দূরে ঠেলে না দিয়ে তাকে কথা বলার সুযোগ করে দিতে হবে।

সত্যিকারের কাউন্সেলিং মানুষের জীবনকে বদলে দিতে পারে বলে সেমিনারে মন্তব্য করেন আইন ও সালিশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য খুরশিদ ইরফান আহমেদ। তিনি বলছিলেন, ‘কথা বলার এক ফাঁকে সমস্যায় পড়া মানুষটি এমন একটি কথা বলে ফেলতে পারে, যার ওপর ভর দিয়ে সে আবার সুস্থ হয়ে উঠতে পারে। আমার কাছে একটি মেয়ে আসত। হঠাৎ একদিন বলল, “আমি ছেলেবেলায় গান গাইতাম।” আমি তাকে গান গাইবার সুযোগ করে দিলাম। এক বছর পর থেকে সে শাস্ত্রীয় গান গাইতে শুরু করল।’

ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের পরিচালক শিপা হাফিজা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের একটি কর্মসূচির প্রশংসা করেন। তিনি বলেন, ওই কর্মসূচির আওতায় থাকা স্কুলের শিক্ষক, শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। গণধর্ষণের শিকার হওয়ার পরদিন একটি মেয়ে স্কুলে এসেছে। পরিবার ও স্কুল সঙ্গে থাকায় মেয়েটি ঘুরে দাঁড়াতে শেখে এবং জোর গলায় বলে, ওই ঘটনায় তার কোনো দায় নেই। তিনি আরও বলেন, ব্র্যাক-মায়া যৌথ উদ্যোগে একটি অ্যাপ চালু করেছে। মুঠোফোনে অ্যাপটি নামিয়ে নিলে যে কেউ তাঁর কষ্টের কথা জানাতে পারেন এবং সহযোগিতা পেতে পারেন।

মানসিক রোগের প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোর কথা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরো ডিসঅর্ডার অ্যান্ড অটিজমের পরিচালক শাহীন আখতার। তিনি বলেন, তিনি দেশের বিভিন্ন জায়গায় হেলথ ক্যাম্পে অংশ নিয়েছেন। ক্যাম্পে খুব অল্পসংখ্যক নারী তাঁদের সন্তানদের নিয়ে আসতেন। আবার বাড়ি বাড়ি গেলে মানসিক রোগাক্রান্ত বা অটিস্টিক শিশু পাওয়া যেত। দৃষ্টিভঙ্গি না বদলালে সব শিশুকে নিরাপত্তা দেওয়া অসম্ভব বলে তিনি মন্তব্য করেন। আচার-আচরণে কিছুটা আলাদা এমন শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে তিনি স্কুলের শিক্ষকদের প্রতি অনুরোধ জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের প্রধান শাহীন ইসলাম মানসিক রোগীদের মর্যাদা রক্ষায় আইনের প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি বলেন, ৩০ বছর ধরে কাজ করে, একটি আইন তৈরি করে সরকারের হাতে তুলে দেওয়ার পরও তা পাস হচ্ছে না। এটি অত্যন্ত দুঃখজনক।

সেমিনারে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্ট্র্যাটেজি অ্যান্ড ইন্টারন্যাশনাল প্রোগ্রাম বিষয়ক পরিচালক খান আহমেদ মুর্শিদ ও কয়েকজন শিক্ষক বক্তব্য দেন।