মানসিক রোগাক্রান্ত স্বজনকে লুকিয়ে রাখে অনেক পরিবার
বাংলাদেশের অনেক পরিবার এখনো মানসিক রোগাক্রান্ত স্বজনকে লুকিয়ে রাখে। মানসিক রোগীরা মানুষের মর্যাদা পায় না। আবার যে পরিবারে মানসিক রোগী আছে, সেই পরিবারটিকেও সমাজ কখনো কখনো একঘরে করে ফেলে। মনোবিজ্ঞানী ও চিকিৎসকেরা গতকাল বৃহস্পতিবার ব্র্যাক বিশ্ববিদ্যালয় আয়োজিত এক সেমিনারে এ তথ্য তুলে ধরেন।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে মানসিক স্বাস্থ্যে মর্যাদাবোধ নিয়ে এ সেমিনারের আয়োজন করা হয়। আলোচকেরা বলেন, একজন মানুষকে তখনই সুস্থ বলা হবে, যখন সে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবে। মানসিক অসুস্থতার অনেক ধরন আছে। জীবনের বিভিন্ন পর্যায়ে মানুষ মানসিকভাবে অসুস্থ হয় এবং বেশির ভাগ সময় তা লুকিয়ে রাখে। মানসিক সমস্যায় ভোগা মানুষকে দূরে ঠেলে না দিয়ে তাকে কথা বলার সুযোগ করে দিতে হবে।
সেমিনারে অংশ নিয়ে আইন ও সালিস কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য খুরশিদ ইরফান আহমেদ বলেন, সত্যিকারের কাউন্সেলিং মানুষের জীবনকে বদলে দিতে পারে।