মানসিক রোগীকে হেয় না করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মর্যাদা দেওয়া হয় না বলে মানসিক রোগে আক্রান্ত ব্যক্তির মানবাধিকার লঙ্ঘিত হয়। তাঁরা সেবাবঞ্চিত হন। অনেক সময় স্বাস্থ্যকর্মীদের দুর্ব্যবহারের শিকার হন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মর্যাদা নিশ্চিত হলে মানসিক রোগীরা সেবা পাবেন। তাই সংস্থাটি এ বছর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য করেছে: ‘মানসিক স্বাস্থ্যে মর্যাদাবোধ’।
দিবসটির তাৎপর্য তুলে ধরে গতকাল শুক্রবার রাজধানীর রবীন্দ্রসরোবর মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে আলোচকেরা বলেন, মানসিক রোগীকে হেয় প্রতিপন্ন না করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ইনোভেশন ফর ওয়েলবিয়িং ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান এই অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল ছুটির দিনের বিকেলে আলোচনা, গান ও আবৃত্তির মধ্য দিয়ে মানসিক রোগের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানে আলোচকেরা বলেন, শরীরের রোগ যেমন লুকিয়ে রাখার জিনিস নয়, নিরাময়ের জন্য চিকিৎসকের কাছে যেতে হয়, মনের রোগও তেমনি। মনের রোগ গোপন না রেখে অভিভাবক বা কাছের জনকে তা বলা উচিত। যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন। শরীরের মতো মনও অসুস্থ হয়। মানসিক রোগীদের হেয় না করে তাঁদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার ওপর গুরুত্ব দেন আলোচকেরা।
অনুষ্ঠানের উদ্বোধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘এবারে দিবসটির প্রতিপাদ্য খুবই তাৎপর্যপূর্ণ। আমাদের দেশে মানসিক রোগীরা সামাজিক সমস্যায় পড়েন। তাঁদের উপহাস, উপেক্ষা করা হয়। সামাজিকভাবে তাঁরা নিগৃহীত হন। এমনও ঘটনা ঘটে, পুরো পরিবারই সামাজিকভাবে সমস্যায় পড়ে। এই মানসিকতার পরিবর্তন জরুরি।’
অনুষ্ঠানে মনোরোগ চিকিৎসক, শিক্ষক, শিল্পপতি, গণমাধ্যম ব্যক্তিত্ব, ক্রীড়াবিদ, বেসরকারি সংস্থার কর্মকর্তারা আলোচনা করেন। মনোরোগে আক্রান্ত হওয়া ও চিকিৎসার অভিজ্ঞতা তুলে ধরেন ভুক্তভোগীরা। এর ফাঁকে ফাঁকে ছিল গান ও আবৃত্তি।
আয়োজকেরা বলেন, বর্তমান বিশ্বের ৪৫০ মিলিয়ন মানুষ মানসিক রোগে আক্রান্ত। এর মধ্যে বিষণ্নতায় ভুগছেন ৩৫০ মিলিয়ন মানুষ। এ বিষয়ে বাংলাদেশে সাম্প্রতিক কোনো জরিপ নেই। তবে ২০০৩-০৫ সালের জরিপে দেখা গেছে, প্রাপ্তবয়স্কদের মধ্যে ১৬ শতাংশ এবং অপ্রাপ্তবয়স্কদের মধ্যে (১৮ বছরের কম) ১৮ ভাগ মানুষ মানসিক রোগে ভুগছে। একবিংশ শতকে মানুষের শিক্ষা, পেশাগত জীবন থেকে শুরু করে বিভিন্ন জীবনের সর্বক্ষেত্রে মানসিক চাপ বাড়ছে। মন অনেক সময়ই এই চাপ, এই ধকল সামলে উঠতে পারে না। যেকোনো বয়সের মানুষ যেকোনো সময়ে মানসিক রোগে আক্রান্ত হতে পারেন। এ নিয়ে লজ্জা-সংকোচ না করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
একাধিক আলোচক দেশে দক্ষ চিকিৎসক ও মনোবিদ তৈরির ওপর গুরুত্ব দেন। তাঁরা মানসিক রোগীদের সহানুভূতি প্রকাশ করার আহ্বান জানান। এর পাশাপাশি তাঁরা মানসিক স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান।
আলোচনায় অংশ নেন অধ্যাপক ইয়াসমিন আহমেদ, অধ্যাপক শাহিন ইসলাম, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, ক্রিকেটার তাসকিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক সংস্থার নির্বাহী পরিচালক মনিরা রহমান। সংগীত পরিবেশন করেন কৃষ্ণকলি ও তাঁর দল, হায়দার হোসেন। আবৃত্তি করেন বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমির শিল্পীরা।
দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের অবহেলা ও অবজ্ঞা না করে সেবার মনোভাব নিয়ে তাঁদের পাশে দাঁড়ানো উচিত।
দিবসটি উপলক্ষে আজ শনিবার সকালে শেরেবাংলা নগরের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল নিজ কার্যালয়ে এবং বিকেল চারটায় সাইকোলজিস্ট ফাউন্ডেশন বাংলাদেশ ও অর্কিড সাইকোলজি রিসার্চ সেন্টার যৌথভাবে শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে সেমিনারের আয়োজন করেছে।