মানসিক রোগীদের মানবাধিকার রক্ষায় কাজ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে মানসিক রোগবিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন মাত্র ২০৭ জন। এঁদের অনেকে আবার বর্তমানে চিকিৎসাসেবা প্রদানে নিয়োজিত নন। অথচ দেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে ১৬ শতাংশ এবং অপ্রাপ্তবয়স্কদের মধ্যে ১৮ শতাংশ মানুষ মানসিক রোগে ভুগছেন। বিশেষজ্ঞ চিকিৎসক-সংকট ছাড়াও মানসিক রোগীরা বৈষম্য ও কুসংস্কারের বেড়াজালে আক্রান্ত হয়ে শারীরিক ও মানসিকভাবে অপদস্থ হচ্ছেন। তাই সবাইকে মানসিক রোগীদের মানবাধিকার রক্ষায় কাজ করতে হবে।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলনকক্ষে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় বক্তারা এসব কথা বলেছেন। ‘মানসিক স্বাস্থ্যের মর্যাদাবোধ’ শীর্ষক ওই সভার আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস। আয়োজক সংগঠনের সিলেট জেলা শাখার সভাপতি অধ্যাপক গোপাল শংকর দে সভায় সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. ইহতেশামুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ এন কে সিনহা ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন সিলেটের সভাপতি মো. রুকন উদ্দিন আহমদ। সভা সঞ্চালন করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আর কে এস রয়েল।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম, সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক মো. ইসমাইল পাটওয়ারী, শিক্ষক সমিতির সভাপতি জামিল আহমদ এবং সিলেট এমসি কলেজের সহযোগী অধ্যাপক মো. সালেহ আহমদ। সভা শুরুর আগে চিকিৎসক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি শোভাযাত্রা বের করা হয়।
সভায় মূল প্রবন্ধ পাঠ করেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক সুস্মিতা রায়। মূল প্রবন্ধে বক্তা উল্লেখ করেন, মানসিক সেবার মান উন্নয়নের জন্য শুধু বিশেষজ্ঞ চিকিৎসকই নয়, সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। নিজের ঘর থেকেই এ সচেতনতা তৈরি করা দরকার। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন সভার সহযোগিতাকারী প্রতিষ্ঠান সেনডোজের কর্মকর্তা মো. আলমগীর হোসেন।