মানসিক রোগের চিকিৎসায় কমবে মাদকাসক্তি

ডব্লিউভিএ মিলনায়তনের মেঘনা হল। ঢুকতেই দেখা যায়, মাঝ বয়সী এক নারী সারি করে রাখা চেয়ারে শুয়ে ঘুমাচ্ছেন। মাথার নিচে ভ্যানিটি ব্যাগ।
কথা বলে জানা গেল, তাঁর ছেলে মাদকাসক্ত। ছেলের এমন পরিণতি তিনি মানতে পারছেন না, অবস্থা পাগলপ্রায়। তাই অসুস্থ শরীরেও এখানে এসেছেন ছেলের জন্য পরামর্শ নিতে।
প্রথম আলোর সমাজকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সহায়তা-৮৪-এর চিত্র এটি। গতকাল শনিবার রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে এই সভার আয়োজন করে প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্ট।
গতকাল মোট ১৫টি পরিবারকে পরামর্শ-সহায়তা দেওয়া হয়। এরপর শুরু হয় মুক্ত আলোচনা অনুষ্ঠান।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসক ও অধ্যাপক মোহিত কামাল বলেন, আসক্ত ব্যক্তির মাদক নিতে ইচ্ছা করলে কয়েকবার জোরে জোরে শ্বাস নিতে হবে, পানি খেতে হবে এবং এই সময়টায় অন্য কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করতে হবে।
মানসিক সমস্যা ও মাদকাসক্তি ওতপ্রোতভাবে জড়িত উল্লেখ করে মনোচিকিৎসক ফারজানা রহমান বলেন, মানসিক রোগের চিকিৎসা করালে মাদকাসক্তির সমস্যা কমবে।
প্রথম আলো ট্রাস্টের প্রধান পরিচালন কর্মকর্তা আজিজা আহমেদের উপস্থাপনায় আলোচনায় আরও অংশ নেন আহমেদ হেলাল, জিল্লুর রহমান খান ও আপনের নির্বাহী পরিচালক রোনাল্ড ড্রাহোজাল।
মাদক বিষয়ে পরবর্তী পরামর্শসভা আগস্ট মাসের ৫ তারিখে একই স্থানে বিকেল চারটায় অনুষ্ঠিত হবে।