মানসিক সংকট ঝুঁকি বাড়াচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের একটি ইউনিয়নে আত্মহত্যার বিষয়ে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, তিন মাসে ৩৫ জন আত্মহত্যার চেষ্টা করেছেন। তাঁদের মধ্যে মারা গেছেন ১৬ জন। প্রতি এক লাখ মানুষে আত্মহত্যার হার ১২৮ দশমিক ৮। গবেষণার বিশ্লেষণে বলা হয়েছে, পারিবারিক কলহ, দারিদ্র্য ও দীর্ঘমেয়াদি অসুস্থতাসহ নানা কারণে মানুষ আত্মহননের পথ বেছে নিচ্ছে।স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগব্যাধি বিভাগের সহায়তায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের চিকিৎসকেরা ওই গবেষণা করেছেন। চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার মহিমপুর ইউনিয়নে গত বছরের ১৫ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৫ মার্চ পর্যন্ত এই গবেষণা পরিচালিত হয়।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে ওই গবেষণার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। আলোচনায় অংশ নেওয়া গবেষকেরা বলেন, নানা কারণে সমাজে অস্থিরতা বাড়ছে। ফলে মানসিক সংকটের কারণে আত্মহত্যার ঝুঁকি বাড়ছে। তাঁরা বলেন, আত্মহত্যার কারণ রোধে সবাই মিলে চেষ্টা চালাতে হবে।আলোচনায় মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল বলেন, ‘গবেষণাটিতে বলা হয়েছে, নিম্নবিত্ত মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতার নিরিখে বলতে পারি, শহরাঞ্চলে উচ্চ-মধ্যবিত্ত ও উচ্চবিত্তের মধ্যে আত্মহত্যার হার বেশি।’ ইভ টিজিংয়ে ২৪ কিশোরী ও তরুণীর আত্মহত্যার পরিসংখ্যান উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তির বেড়ে ওঠার ওপর নির্ভর করে পরিস্থিতি মোকাবিলা করার ক্ষমতা। যে পরিস্থিতি মোকাবিলা করতে পারে না, তার আত্মহত্যার ঝুঁকি বেশি। তিনি বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত এক গবেষণার উদাহরণ টেনে বলেন, তীব্র বিষণ্নতার কারণে বাংলাদেশের ৬৪ লাখ ৮০ হাজার বয়স্ক মানুষ এ মুহূর্তে আত্মহত্যার ঝুঁকিতে রয়েছে।অনুষ্ঠানের প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্স ফ্যাকাল্টির ডিন ও প্রাণরসায়ন বিভাগের চেয়ারম্যান ইকবাল আর্সলান বলেন, সমাজে অস্থিরতা বাড়ার কারণে মানসিক রোগীর সংখ্যা বাড়ছে। মানসিক রোগীদের চিহ্নিত করা নানা কারণে কঠিন হয়ে পড়ছে। তাই এ ধরনের গবেষণার ব্যাপ্তি বাড়ানো উচিত।গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে, মহিমপুর ইউনিয়নে তিন হাজার ৫৫১ পরিবারের ওপর জরিপ চালানো হয়। যারা আত্মহত্যার চেষ্টা চালায়, তাদের বয়স ছিল ১২ থেকে ৮০ বছর। তবে এদের বেশির ভাগের বয়স ২০ থেকে ২৯ বছরের মধ্যে। পুরুষ ও মহিলার অনুপাত ছিল ১: ৪ এবং এদের ৮২ দশমিক ৯ শতাংশ বিবাহিত। আত্মহত্যাকারী ও আত্মহত্যার চেষ্টাকারীদের মধ্যে অধিকাংশ ছিলেন গৃহিণী—৫৫ দশমিক ২ শতাংশ। এ ছাড়া দিনমজুর ১০ দশমিক ৩ শতাংশ, ছাত্র ৬ দশমিক ৯ শতাংশ। এদের মধ্যে নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তের হার যথাক্রমে ৪৫ দশমিক ৭ শতাংশ ও ৩৭ দশমিক ১ শতাংশ। পরিবারের প্রধান আত্মহত্যার কারণ হিসেবে পারিবারিক কলহ, দারিদ্র্য ও দীর্ঘমেয়াদি অসুস্থতাকে দায়ী করেছেন।শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ এ বি এম মাকসুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন প্রতিষ্ঠানের মেডিসিন বিভাগের প্রধান মো. রিদওয়ানুর রহমান, সহযোগী অধ্যাপক এ এইচ এম ফিরোজ, সহকারী অধ্যাপক সৈয়দ গোলাম মুগনি মাওলা, সহযোগী চিকিৎসক এস এম নুরুল ইসলাম প্রমুখ।