মানসিক সমস্যাকে লজ্জার বিষয় হিসেবে দেখা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানসিক স্বাস্থ্যের বিষয়টিকে এখনো সেভাবে গুরুত্ব দেওয়া হয় না। এখনো মানসিক সমস্যাকে লজ্জার বিষয় হিসেবে দেখা হয়। এ মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। মানসিক স্বাস্থ্যসেবার বিষয়ে ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে, প্রয়োজনে চিকিৎসকের সহায়তা নিতে হবে।
গতকাল সোমবার সকালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০১৬ উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। মেন্টাল হেলথ অ্যাডভোকেসি অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ থেরাপিউটিক থিয়েটার ইনস্টিটিউট যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে। এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য, ‘মানসিক স্বাস্থ্যে মর্যাদাবোধ: সবার জন্য প্রাথমিক মানসিক স্বাস্থ্য সহায়তা’।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মো. আলাউদ্দিন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী, বেসরকারি সংস্থা উৎসর সহসভাপতি শাহানা বেগম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সভাপতি শাহীনুর রহমান, সহকারী অধ্যাপক লাইলুন নাহার ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু মনোবিদ ফারহানা আহমেদ।
সভায় বলা হয়, বাংলাদেশে ১৬ দশমিক ১ শতাংশ মানুষ মানসিক সমস্যায় ভুগছে। কিন্তু এ বিষয়ে ন্যূনতম সচেতনতা তৈরি হয়নি। মনোরোগ চিকিৎসক ও মানসিক স্বাস্থ্যকর্মীর সংখ্যাও হাতে গোনা। দেশে প্রতি দুই লাখ মানুষের জন্য মাত্র একজন মানসিক স্বাস্থ্যকর্মী রয়েছেন। ১৫ লাখ মানুষের জন্য রয়েছেন একজন মনোরোগ বিশেষজ্ঞ (সাইকিয়াট্রিস্ট)।
মো. আলাউদ্দিন মজুমদার বলেন, বাংলাদেশের মতো দরিদ্র দেশে মানসিক সমস্যায় আক্রান্ত মানুষের সংখ্যা বেশি। এ অবস্থার উত্তরণ ঘটাতে হবে। প্রাথমিক মানসিক স্বাস্থ্য সহায়তা সম্পর্কে সবার ধারণা থাকা প্রয়োজন। মানসিক সুস্বাস্থ্য সামাজিক ও পারিবারিক বন্ধন দৃঢ় করতে হবে। তিনি বলেন, বিদ্যমান মনোবৈজ্ঞানিক চিকিৎসাসেবা, কাউন্সেলিং, সাইকোথেরাপির পাশাপাশি মানসিক স্বাস্থ্য সহায়তায় বিকল্প ও সৃজনশীল কলাকৌশলের ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে হবে।
আজিজুর রহমান সিদ্দিকী বলেন, মন সুস্থ থাকলে শরীরের ৭০ শতাংশ রোগ প্রতিরোধ করা সম্ভব। মানসিক রোগ হওয়া কোনো অস্বাভাবিক বিষয় নয়। কিন্তু বেশির ভাগ মানুষই এই সমস্যাকে স্বীকার করতে চায় না। এ নিয়ে লজ্জা পায়। এ জন্য সামাজিক নেতিবাচক দৃষ্টিভঙ্গি দায়ী। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সভাপতি শাহীনুর রহমান বলেন, অর্থনৈতিকসহ বিভিন্ন সূচকে এগোলেও মানসিক স্বাস্থ্য সূচকে বাংলাদেশ পিছিয়ে আছে। প্রাথমিক মানসিক স্বাস্থ্যসেবা সম্পর্কে সবার ধারণা থাকা উচিত। শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে এ বিষয়ে সচেতনতা তৈরি করা যেতে পারে।
আলোচনা সভার আগে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। সকাল ১০টায় নগরের প্রবর্তক মোড় এলাকা থেকে বের হওয়া শোভাযাত্রাটি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।