মানসিক স্বাস্থ্য দিবস পালিত
নানা আয়োজনে গতকাল শনিবার চট্টগ্রামে পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস।
দিবসটি উপলক্ষে শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ থেরাপিউটিক থিয়েটার ইনস্টিটিউট (বিটিটিআই) এবং মেন্টাল হেলথ অ্যাডভোকেসি অ্যাসোসিয়েশন (মা) আলোচনা সভার আয়োজন করে। এতে সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা উৎস।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার আহম্মদ চৌধুরী। উৎসর নির্বাহী সদস্য শুভ্রা বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সাবেক সভাপতি কুন্তল বড়ুয়া ও বর্তমান সভাপতি অসীম দাশ। স্বাগত বক্তব্য দেন উৎসর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল। এতে আরও বক্তব্য দেন বিটিটিআই প্রশিক্ষক ওবায়দুল ইসলাম, মা-এর আহ্বায়ক শরীফ চৌহান।
বক্তারা বলেন, মানসিক স্বাস্থ্য সুরক্ষা মানুষের অধিকার। একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে হলে মানসিক স্বাস্থ্য সুরক্ষার ওপর সবাইকে জোর দিতে হবে।
পরে প্রধান অতিথি মানসিক স্বাস্থ্যসেবা সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন।
আজ রোববার থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পাহাড়তলীর আকবর শাহ এলাকায় উৎস কার্যালয়ে মানসিক স্বাস্থ্যসেবা সপ্তাহের কর্মসূচি চলবে।
এর আগে বেলা সাড়ে তিনটায় নগরের প্রবর্তক মোড় থেকে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা বের হয়। শিল্পকলা একাডেমিতে এসে শোভাযাত্রা শেষ হয়।
এ ছাড়া শিল্পকলা একাডেমিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক তথ্যচিত্র প্রদর্শনী এবং স্মারক প্রদর্শনীর আয়োজন করা হয়।