মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন দেশের এক কোটি মানুষ

বাংলাদেশের ১৬ কোটি মানুষের মধ্যে প্রায় এক কোটি মানুষ কোনো না-কোনোভাবে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগেন বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য পর্যাপ্ত মনোবিজ্ঞানী, মনোরোগ চিকিৎসক ও অন্য পেশাজীবীর সংখ্যা বাংলাদেশে নেই।
১৯ আগস্ট থেকে শুরু হওয়া চতুর্থ বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সম্মেলনের আজ বৃহস্পতিবারের অধিবেশনে বিশেষজ্ঞরা এমনই মত দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এই সম্মেলনের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট।
সম্মেলনে জাতীয় অধ্যাপক ডা. এম আর খান বলেন, ‘মানসিক কারণে নানা ধরনের শারীরিক সমস্যায় ভোগা মানুষের সংখ্যাও আমাদের দেশে প্রচুর। তাদের চিকিৎসা নিশ্চিত করার জন্য দেশের সরকারি-বেসরকারি সব হাসপাতালে চিকিৎসা মনোবিজ্ঞানী নিয়োগ করা প্রয়োজন। অন্যথায় এ মানুষগুলো ভুল চিকিৎসার পেছনে প্রচুর সময় ও অর্থ খরচ করবে, যা দেশের অর্থনীতিকে আরও দুর্বল করবে।’
সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহানূর হোসেন ও ব্রিটিশ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ড. গ্রাহাম পাওয়েল বাংলাদেশের সাধারণ মানুষের ওপর একটি গবেষণা পরিচালনা করেন। সেখানে তাঁরা দেখতে পান, ৫০ ভাগ মানুষ রাগ ও অস্থিরতার সমস্যায় ভুগছেন। এটি যুক্তরাজ্যের মানুষের তুলনায় পাঁচ গুণেরও বেশি।
গ্রাহাম পাওয়েল মূল প্রবন্ধে উল্লেখ করেন, মানসিক স্বাস্থ্যের অবনতি হয় এমন বিষয়গুলো কমাতে না পারলে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই দেশের সব মানুষের জন্য কার্যকর মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ বাড়াতে হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঢাকা শহরের বাইরে একমাত্র পাবনার মানসিক হাসপাতাল ছাড়া মানসিক স্বাস্থ্যসেবা পাওয়ার তেমন কোনো সুযোগ নেই। যে কারণে দেশব্যাপী লাখ লাখ মানুষ মানসিক সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছেন। এতে দেশ আর্থসামাজিক দিক থেকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সম্প্রতি রানা প্লাজার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের নিয়ে পরিচালিত গবেষণায় দেখা গেছে, ৭০ ভাগ ব্যক্তি দুর্ঘটনা-পরবর্তী সময়ে তীব্র চাপের মধ্য দিয়ে গেছেন। কিন্তু এর মধ্যে মাত্র ৫ ভাগ আংশিক মানসিক স্বাস্থ্যসেবা পেয়েছেন। আরেকটি গবেষণার ফলাফলে দেখা গেছে, পুড়ে যাওয়া রোগীদের ৫৬ দশমিক ৩ ভাগ কোনো না-কোনো মানসিক সমস্যায় ভুগছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এতে সভাপতিত্ব করেন। সম্মেলনে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) সহিদ আকতার হুসাইন, মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ওয়াজিউল আলম চৌধুরী, দেশি-বিদেশি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও চিকিৎসকেরা। চার দিনব্যাপী এই সম্মেলন শেষ হবে আগামীকাল শুক্রবার।