চিকিৎসাবিজ্ঞানে ‘পাগল’ বা ‘ম্যাড’ বলে কোনো শব্দ নেই উল্লেখ করে মনোরোগ বিশেষজ্ঞরা বলেছেন, মানসিক স্বাস্থ্যের বিষয়ে মানুষের সচেতনতা বৃদ্ধি এবং লজ্জা ও নেতিবাচক মনোভাব দূর করা প্রয়োজন। এই সেবায় জনবল ও অবকাঠামো বাড়ানো, বরাদ্দ বৃদ্ধি এবং সমন্বিত চিকিৎসাব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। মানসিক স্বাস্থ্যের বিষয়টি প্রাথমিক স্বাস্থ্যসেবায় অন্তর্ভুক্ত করার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন তাঁরা।
আজ রোববার প্রথম আলো কার্যালয়ে ‘মনোরোগ : বাস্তবতা ও চিকিৎসা সহায়তা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে দেশের শীর্ষস্থানীয় মনোরোগ বিশেষজ্ঞরা এসব কথা বলেন। বৈঠক সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় প্রথম আলোর উদ্যোগে আয়োজিত ওই বৈঠকে রংপুর মেডিকেল কলেজের সাইকিয়াট্রিস্ট বিভাগের প্রধান জ্যোতির্ময় রায় বলেন, সমাজের সাধারণ মানুষের মধ্যে মানসিক রোগ নিয়ে নেতিবাচক মনোভাব তো রয়েছেই, এমনকি সহকর্মী অন্য চিকিৎসকদের মধ্যেও রয়েছে। সহকর্মীদের কাছ থেকে তাঁকে শুনতে হয়, ‘কীরে পাগলের ডাক্তার!’
এর পরিপ্রেক্ষিতে পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক আহসানুল হাবীব বলেন, কোনো পার্টিতে মনোরোগ চিকিৎসকদের স্ত্রীর পরিচয় হয় পাগলের ডাক্তারের বউ। পরে ডাক্তার শব্দটিও উঠে গিয়ে হয় ‘পাগলের বউ’। তিনি বলেন, পাবনা মানসিক হাসপাতালে অনেক দর্শনার্থী রোগীদের দেখতে আসতেন। তাঁদের মনোভাব এমন ছিল, যেন তাঁরা চিড়িয়াখানা দেখতে এসেছেন।
মানসিক রোগ নিয়ে সমাজের মধ্যে নেতিবাচক মনোভাবের চিত্র তুলে ধরে আহসানুল হাবীব বলেন, পাবনা মানসিক হাসপাতালটি শহর থেকে অনেক দূরে। অর্থাৎ সমাজ থেকে দূরে। এখন বিশ্বব্যাপী ধারণার পরিবর্তন হয়েছে। এখনকার ধারণা হলো, হাসপাতালে কম সময়, সমাজে বেশি সময়। কিন্তু পাবনা মানসিক হাসপাতালে ২২ বছরেরও পুরোনো রোগী রয়েছে, যাঁদের কেউ নেন না। তিনি বলেন, একজন মানসিক রোগী অন্য রোগেও আক্রান্ত হতে পারেন। তাই প্রতিটি জেনারেল হাসপাতালেই সাইক্রিয়াট্রিক ইউনিট প্রয়োজন। কিন্তু এ বিষয়ে কোনো উদ্যোগ নাই। জেনারেল হাসপাতালে এই ইউনিট থাকলে মানসিক রোগীর অন্য রোগ হলে সেটার চিকিৎসাও করা সম্ভব হয়। পাশাপাশি বিশেষায়িত মানসিক হাসপাতালে থাকার লজ্জাও থাকে না। জেনারেল হাসপাতালে ইনডোর সাইকিয়াট্রিক ইউনিট প্রয়োজন। জেলা শহরের প্রতিটি হাসপাতালে সাইকিয়াট্রিক কনসালট্যান্ট পদ তৈরি করার সুপারিশ করেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজের সাইকিয়াট্রিস্ট বিভাগের প্রধান আবদুল্লাহ আল মামুন বলেন, পাগল শব্দটি সাহিত্যে আছে, চিকিৎসাবিজ্ঞানে নেই।
প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয়তা উল্লেখ করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টের সাধারণ সম্পাদক অধ্যাপক ওয়াজিউল আলম চৌধুরী বলেন, শুরুতে চিকিৎসা দেওয়া হলে অনেক মানসিক রোগীকে ভালো করা সম্ভব। এটি অত্যন্ত কার্যকর। তিনি বলেন, মানসিক রোগের বাস্তবতাকে আমাদের স্বীকার করে নিতে হবে।
বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এবাদুল করিম বলেন, ‘মানসিক ব্যাধি বুঝতেই আমাদের অনেক সময় লেগে যায়। আমাদের দেশে শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে সচেতনতা বাড়লেও মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে বাড়েনি।’
এবাদুল করিম বলেন, মানুষ যদি মানসিকভাবে সুস্থ থাকে, তবে হলি আর্টিজানের মতো ঘটনা ঘটবে না। জঙ্গিবাদের বিরুদ্ধে যেমন মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে, তেমনি মানসিক রোগের ক্ষেত্রেও সচেতনতা সৃষ্টি প্রয়োজন। পাশাপাশি পারিবারিক সহায়তা প্রয়োজন।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক রেজাউল করিম বলেন, ‘মানসিক রোগীদের চিকিৎসায় ধৈর্য প্রয়োজন। এ ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েরা ভালো করবে বলে আমার বিশ্বাস। কারণ, মেয়েদের ধৈর্য অনেক বেশি। ইদানীং অনেকেই মানসিক রোগ বিভাগে পড়াশোনা করছে।’
রেজাউল করিম বলেন, মানসিক রোগের ক্ষেত্রে দীর্ঘ সময় চিকিৎসার প্রয়োজন। এ ক্ষেত্রে চিকিৎসার ব্যয়ও বেশি। গ্রামের দরিদ্র জনসাধারণের পক্ষে দীর্ঘদিন ধরে এই ব্যয় বহন করা সম্ভব হয় না। তাই চিকিৎসার ব্যয় কমানোর ক্ষেত্রে সরকারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক এম এ হামিদ বলেন, মানসিক রোগের চিকিৎসা সঠিকভাবে না হলে তা দেশের জন্যই বড় ক্ষতি বয়ে আনে। মানসিক স্বাস্থ্য বিষয়ে জাতীয় মানসিক ইনস্টিটিউট থেকে প্রকাশ করা তথ্যচিত্র তুলে ধরে তিনি বলেন, মানসিক স্বাস্থ্য বিষয়ে কর্মরত জনশক্তি রয়েছে প্রতি এক লাখ জনসংখ্যার জন্য দশমিক ৫০ জন, মনোরোগ বিশেষজ্ঞ (সাইকিয়াট্রিস্ট) আছেন মাত্র ২২০ জন, এর মধ্যেও অনেকে অবসরে গেছেন, অনেকে মারা গেছেন অর্থাৎ প্রকৃত সংখ্যা আরও কম, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার রয়েছেন সাতজন, অকুপেশনাল থেরাপিস্ট রয়েছেন তিনজন, মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত সাধারণ চিকিৎসক রয়েছেন ১০ হাজার ৩০ জন, প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী রয়েছেন ৯৪০০ জন। তিনি জানান, দেশে মানসিক রোগীর সংখ্যা মোট জনসংখ্যার ৮ দশমিক ৪ শতাংশ। এর মধ্যে ১৮ দশমিক ৪ শতাংশ শিশু–কিশোর এই রোগে আক্রান্ত। আর প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মধ্যে আক্রান্তের হার ১৬ দশমিক ০১ শতাংশ।
মানসিক স্বাস্থ্যসেবায় জনবল বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে এম এ হামিদ বলেন, এটি করা না হলে এই সেবা মারাত্মক বিঘ্নিত হবে। তিনি বলেন, এসডিজির অন্যতম লক্ষ্য হচ্ছে জনগণকে সুস্থ ও কর্মক্ষম রাখা। মানসিক স্বাস্থ্যে অগ্রাধিকার না দিলে এটি অসম্ভব।
এম এ হামিদ বলেন, মানসিক স্বাস্থ্য বরাবরই উপেক্ষিত। এ চিত্র উন্নয়শীল এবং উন্নত সব দেশেই একই রকম। বিশ্বস্বাস্থ্য সংস্থার গবেষণায় দেখা যায়, বিশ্বব্যাপী মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের শতকরা ৫০ থেকে ৭০ ভাগ বিজ্ঞানসম্মত মানসিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। শুধু আমাদের দেশেই নয়, উন্নত দেশেও একই চিত্র।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, সামাজিক নানা পরিবর্তনের কারণে অভিভাবকদের সচেতনতা জরুরি। আত্মমর্যাদা আঘাতপ্রাপ্ত হয়, এমনভাবে কথা সন্তানদের বলা যাবে না। সন্তানদের বুঝিয়ে বলতে হবে। ছেলেমেয়ের খবর রাখা অত্যন্ত জরুরি। মানসিক স্বাস্থ্যের জন্য পারিবারিকভাবে মানসিক সমর্থনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টের সভাপতি অধ্যাপক মো. গোলাম রাব্বানী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এস আই মল্লিক, রাজশাহী মেডিকেল কলেজের সাইকিয়াট্রিস্ট বিভাগের প্রধান মামুন হোসাইন, খুলনা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ধীরাজ মোহন বিশ্বাস ও চট্টগ্রাম মেডিকেল কলেজের সাইকিয়াট্রিস্ট বিভাগের সহকারী অধ্যাপক (অব.) শফিউল হাসান।