মানসিক স্বাস্থ্যেরও সুরক্ষা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব​ মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে গতকাল সকালে চট্টগ্রাম নগরে শোভাযাত্রা বের করা হয়। নগরের প্রবর্তক মোড় এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
বিশ্ব​ মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে গতকাল সকালে চট্টগ্রাম নগরে শোভাযাত্রা বের করা হয়। নগরের প্রবর্তক মোড় এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

বাংলাদেশসহ সারা বিশ্বে সাম্প্রতিক সময়ে যেসব সহিংস ঘটনা ঘটেছে তাতে মানুষের শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যেরও সুরক্ষা দরকার। মানসিক ভারসাম্যহীনতাই দেশের বর্তমান সামাজিক বিপর্যয়ের অন্যতম কারণ।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে গতকাল সোমবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে আয়োজিত এক বৈজ্ঞানিক সভায় চিকিৎসকেরা এ কথা বলেন। তাঁরা পরামর্শ দেন, সামাজিক বিপর্যয় রোধে মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন। তবে এই চিকিৎসা শুধু যে চিকিৎসকেরা করতে পারবেন এমন নয়; শিক্ষক, প্রতিবেশী, ছাত্র, পুলিশসহ যে কেউ মানসিক সহায়তা দিতে পারবেন।
এই সভা যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস সিলেট শাখা ও এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিভাগ।
‘মানসিক স্বাস্থ্যে মর্যাদাবোধ: সবার জন্য প্রাথমিক মানসিক স্বাস্থ্য সহায়তা’ শীর্ষক সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস সিলেট শাখার সভাপতি গোপাল শংকর দে। হাসপাতালের মানসিক রোগ বিভাগের প্রধান আর কে এস রয়েলের সঞ্চালনে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহিলা মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম ও চিকিৎসক মো. শামসুল হক চৌধুরী।
বৈজ্ঞানিক সভায় মুখ্য আলোচক ছিলেন চিকিৎসক কাওসার আহমদ। শুভেচ্ছা বক্তব্য দেন চিকিৎসক দীপেন্দ্র নারায়ণ দাস। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন চিকিৎসক সুস্মিতা রায়।
বক্তারা বলেন, ‘সারা বিশ্বে শতকোটি মানসিক রোগীর মতো আমাদের দেশেও মানসিক রোগীরা মানবাধিকার থেকে বঞ্চিত। তারা কেবল কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ হয়ে আলাদাভাবে চিহ্নিত হচ্ছে না, বরং নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। এ জন্য প্রত্যেকের মানসিক স্বাস্থ্যে মর্যাদাবোধ নিশ্চিত করা প্রয়োজন।’
সভায় ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত জাতীয় পর্যায়ে পরিচালিত একটি জরিপের আলোকে জানানো হয়, বাংলাদেশে ১৮ বছরের ওপরে মোট জনসংখ্যার ১৬ শতাংশ এবং ১৮ বছরের নিচে মোট জনসংখ্যার ১৮ শতাংশ মানসিক রোগে আক্রান্ত।
সভা শেষে কলেজ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।