মানসিক হাসপাতালে স্বজনকে খুঁজছেন কুন্তল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মহিলা ওয়ার্ড। হাসপাতালের কর্মকর্তা ঢুকতেই এগিয়ে এলেন কুন্তল। একের পর এক প্রশ্ন তাঁর, ‘কেউ এসেছিল আমার কাছে? আজকেও না? আমাকে কিন্তু বগুড়া, গাজীপুরে পাঠাবেন না।’ তিন মাস আগে কুন্তল এসেছিলেন। এখন সুস্থ, তবু কেউ তাঁর খোঁজ করে না। হাসপাতালের বিছানায় বসে শুধু দিন গোনেন তিনি।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, ‘কুন্তলই একমাত্র নন, মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে প্রায়ই এমন রোগী আসেন, যাঁদের হাসপাতালে ফেলে রেখে স্বজনেরা আর খোঁজ নেন না। আমরা নিজেরাই অনেক সময় পৌঁছে দিয়ে আসি। কুন্তলের পরিবারকে খুঁজে পেতে আমরা পুলিশের সাহায্য চেয়েছি। এখনো কোনো খবর নেই।’
গতকাল বৃহস্পতিবার মহিলা ওয়ার্ডে কুন্তলের সঙ্গে কথা হয়। তাঁর বয়স ৩১। গত ২৯ আগস্ট চাঁদপুরের হাজীগঞ্জ থেকে ফকিরহাটে খালার বাসায় যাচ্ছিলেন। রাতের বেলা উদ্দেশ্যহীনভাবে ঘুরছিলেন রাস্তায়। রাতে একজন নারীকে রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে পুলিশ তাঁকে তুলে নেয়। পরদিন সকালে একজন নারী পুলিশ তাঁকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে রেখে যান। হাসপাতালের চিকিৎসকেরা বলেন, কুন্তল ১৭ দিন পর্যন্ত তাঁর বাড়ির ঠিকানা বলেননি। মুখই খুলছিলেন না। কিছুটা সুস্থ হওয়ার পর চিকিৎসকেরা জানতে পারেন তিনি ছোটবেলায় বাবা-মা হারিয়েছেন। থাকতেন চাঁদপুরে মামির বাসায়। তাঁর বাড়ি লক্ষ্মীপুরের চরশাহী ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামে। বাবার নাম আবদুস শহীদ, মায়ের নাম মনোয়ারা বেগম। হাসপাতালটির সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার জামাল হোসেন বলেন, ‘আমরা শুনলাম ওর এক বোন এসেছিল একদিন। আর একদিন এক ভাই। কোনোরকমে খাবার দিয়েই চলে গেছেন। এক দণ্ডও দাঁড়াননি।’
কথাবার্তার ফাঁকে ফাঁকে কুন্তল বারবারই অনুরোধ করছিলেন তাঁকে ছেড়ে দিতে। কান্না জড়ানো গলায় বলছিলেন লক্ষ্মীপুরে বাড়িতে রেখে এলে তিনি একাই থাকবেন। ভাই-বোনদের গলগ্রহ হয়ে থাকবেন না। একসময় তাঁকে সান্ত্বনা দিতে উঠে আসেন পেশায় ডিপ্লোমা নার্স আরেক মানসিক রোগী। এগিয়ে দেন একটা লিপজেল। কুন্তল আনমনে লিপজেল ঠোঁটে মাখেন। নার্সটি বলেন, ‘কাইন্দ না বোন। আমার ভাইয়ের বউ করব তোমাকে।’ এ প্রতিবেদককে বলেন, ‘শুধু ওর কথাই শুনবেন? আমার চাকরি হয়েছিল। ৬০ হাজার টাকা বেতন। কী জানি হলো, চাকরি চলে গেল। আমারও কেউ খবর নেয় না।’ পাশেই দশম শ্রেণির এক ছাত্রী অবিশ্রান্ত গান গেয়ে চলে, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।’ গান সংক্রমিত হয় অন্যদের মধ্যেও। কেউ ধরেন জাতীয় সংগীতের অন্তরা, কেউ গান হিন্দি গানের কোনো কলি।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসকেরা বলছিলেন, পরিবারগুলোকেও আসলে ঠিক দোষ দেওয়া চলে না। বাংলাদেশে মানসিক রোগে আক্রান্তদের পুনর্বাসনের সুযোগ খুব সীমিত। সিজোফ্রেনিয়া রোগীদের এক-তৃতীয়াংশ নিয়মিত চিকিৎসার মধ্যে থাকলে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। সিজোফ্রেনিয়া ছাড়াও অন্য অনেক ধরনের মানসিক রোগ আছে। কারও কারও ক্ষেত্রে বছরে একবার বা দু-চার বছরে একবার সমস্যা হতে পারে। এ ধরনের রোগীরা নিয়মিত চিকিৎসায় থাকলে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। এঁদের কিছু প্রশিক্ষণ দরকার। পরিবারের তত্ত্বাবধানে থেকে এঁরা কাজ করতে পারেন। কিন্তু সেই সুযোগই নেই।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের শিক্ষক হেলালউদ্দীন আহমেদ বলেন, প্রায়ই দেখা যায় সুস্থ করে বাড়ি পাঠানোর দু-তিন দিনের মাথায় স্বজনেরা আবার নিয়ে এসেছেন হাসপাতালে। পরিবারগুলোর কাছে এঁরা বোঝা। অন্যান্য দেশে মানসিক রোগের চিকিৎসার অংশ হিসেবে রোগীরা বিভিন্ন কাজের প্রশিক্ষণ পান। ২০০ শয্যার মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে সিআরপি নিজেদের উদ্যোগে একটি অকুপেশনাল থেরাপি ইউনিট চালু করেছে। এতে অল্প কিছু মানুষ প্রশিক্ষণের সুযোগ পান। ৯৯ শতাংশেরই চাহিদা মেটে না। আরও বড় পরিসরে উদ্যোগ নিলে এঁরাও হতে পারেন সম্পদ।