মানসিকতার পরিবর্তনের মাধ্যমেই নারী-পুরুষের বৈষম্য দূর সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানসিকতার পরিবর্তন করতে পারলেই কেবল নারী-পুরুষের বৈষম্য দূর করা সম্ভব। গতকাল বুধবার দিনাজপুরের বিরল উপজেলায় ‘জেন্ডার মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. জামাল উদ্দিন আহমেদ এ কথা বলেন।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, দায়িত্বশীল পুরুষেরাই নারীর মর্যাদা দিতে পারেন। পুরুষদের মধ্যে সহমর্মিতার মানসিকতার যথেষ্ট অভাব রয়েছে। মতামতের ভিত্তিতে প্রতিটি পরিবারে নারী-পুরুষের সমন্বয় গড়ে তুলতে হবে। এভাবেই সমাজে, তথা সারা দেশেই নারী-পুরুষের বৈষম্য দূর করা সম্ভব।বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় এবং দিনাজপুরে কর্মরত উদ্যোগ সংস্থার বাস্তবায়নাধীন ‘জন-অংশগ্রহণের মাধ্যমে নারী নির্যাতন প্রতিরোধ প্রকল্পের’ আয়োজনে উপজেলার ভান্ডারা ইউনিয়নের বেতুড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ওই জেন্ডার মেলা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধকারী আটজন কিশোরী ও যৌতুকবিহীন বিয়ের জন্য পাঁচ দম্পতিকে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া অতিথিদের উপস্থিতিতে পাঁচ দম্পতির বিবাহোত্তর দেনমোহর পরিশোধ করা হয়। উদ্বোধন শেষে জামাল উদ্দিন আহমেদ জেন্ডার মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম রাব্বীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উদ্যোগের নির্বাহী পরিচালক উম্মে নেহার, কর্মসূচি সমন্বয়কারী মফিজুল হক, কর্মসূচি সমন্বয়কারী (অধিকার) বনশ্রী মিত্র নিয়োগী, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা আরজুমান্দ বানু, মহিলাবিষয়ক কর্মকর্তা রীতা মণ্ডল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন উজ্জামান খান প্রমুখ।