মানসিকভাবে অসুস্থ অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ‘মানসিকভাবে অসুস্থ’ হিসেবে চিহ্নিত করে তাঁর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
নাগরিক ঐক্যের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার মিরপুরে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কামাল হোসেন অর্থমন্ত্রীর বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে এই দোয়া চান৷
বিশিষ্ট এই আইনজীবী বলেন, ‘বেসিক ব্যাংক ও হল-মার্ক কেলেঙ্কারিতে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেল৷ অথচ এই টাকা কিছুই না বলে তিনি (অর্থমন্ত্রী) হি হি করে হাসেন। তিনি মানসিকভাবে অসুস্থ৷ তাই তিনি অবাস্তব স্বপ্ন দেখেন৷ শেষ জীবনে এসে তাঁকে সার্কাসের ক্লাউন হিসেবে দেখতে হবে, তা ভাবিনি৷’
অর্থমন্ত্রীকে উদ্দেশ করে কামাল হোসেন বলেন, ‘তিনি একসময় আমার দলের সাধারণ সম্পাদক ছিলেন। আমার দলে থেকে তিনি (অর্থমন্ত্রী) যদি এসব কথা বলতেন, তাহলে আমি তাঁকে বহিষ্কার করতাম।’
দেশে অব্যাহত গুম, খুনের প্রসঙ্গ উল্লেখ করে গণফোরামের সভাপতি বলেন, মুক্তিযোদ্ধারা একাত্তরে রক্ত দিয়েছিল খুনিদের ক্ষমতায় বসানোর জন্য নয়৷ দেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেকোনো সময় যে কেউ গুম-খুন হয়ে যেতে পারে৷
কামাল হোসেন আরও বলেন, ‘আমাদের একজন বিশেষ দূত আছেন। অথচ এই দূতের বিরুদ্ধে আমরা ১০টি বছর আন্দোলন করেছি। তাকে পাঁচটি বছর জেলখানায় রেখেছি। এখন তিনি দূত হয়ে ঘুরে বেড়ান। কিন্তু তাঁকে মনে রাখতে হবে, তার ওপরে এখনো অনেক মামলা ঝুলছে। ভবিষ্যতে তিনি নিস্তার পাবেন, এমন নিশ্চয়তা না থাকতে পারে।’
অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, যারা খুন, গুম করে, তাদের হাত এবং পা ভেঙে দিতে হবে।
শহিদুল্লাহ কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে মাহবুবুর রহমান ইসমাইল, সাংবাদিক গোলাম মোর্তোজা, পুলিশের হাতে নিহত জনির মা খুরশিদা বেগম বক্তব্য দেন।