মানসী হত্যায় বিচার দাবি শিক্ষকদের
বগুড়ায় গৃহবধূ মানসী রানী গুণ (২১) হত্যায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। গতকাল রোববার বেলা আড়াইটায় সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নিহত গৃহবধূর মামাতো ভাই ও মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক শুভ্র কান্তি দে অভিযোগ করেন, ২ সেপ্টেম্বর বগুড়ার আদমদীঘির বাহাদুরপুর গ্রামের গৃহবধূ মানসী রানী গুণকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন শারীরিক নির্যাতন ও জোর কেরে বিষ পান করিয়ে হত্যা করেন। এ ঘটনায় মানসীর স্বামী প্রবীর চন্দ্র সরকার, ভাশুর কাঞ্চন চন্দ্র সরকার, শাশুড়ি প্রতিমা রানী সরকার ও ননদ কৃষ্ণ বিশ্বাসের নামে আদমদীঘি থানায় মামলা করা হয়। তবে এখনো তাঁদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে কাল মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালন করবেন শিক্ষক-শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বশির আহমেদ, মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি আলী আজম তালুকদার, শিক্ষক মো. আনোয়ার খসরু পারভেজ, প্রাণরসায়ন বিভাগের শিক্ষক মাহমুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।