মানসুরার স্বপ্নপূরণে এগিয়ে এলেন মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পায় মানসুরা আক্তার (১৬)। সংসারে অভাব। বাবা চা-বিক্রেতা। বাবার আয়ে ঠিকমতো খাবারই জোটে না তাঁদের। অর্থাভাবে তার লেখাপড়াও বন্ধের উপক্রম। ভর্তি হতে পারছে না কলেজে। বিষয়টি জেনে তার জন্য সহযোগিতার হাত বাড়ান চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার মেয়র।

মানসুরার বাড়ি চাঁদপুর সদর উপজেলার ধনপর্দি গ্রামে। তার বাবার নাম মনির হোসেন। তিনি ফেরি করে চা বিক্রি করেন। মানসুরা এবারের এসএসসি পরীক্ষায় মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।

পরিবার ও মতলব পৌরসভার কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভার মেয়রের অনুরোধে গত মঙ্গলবার বিকেলে ওই ছাত্রী ও তার বাবা পৌরসভার কার্যালয়ে আসেন। সেখানে মুন্সীরহাট উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরাও উপস্থিত হন। স্থানীয় সংবাদকর্মীদের উপস্থিতিতে মেয়র ব্যক্তিগত উদ্যোগে ওই ছাত্রীর লেখাপড়ার দায়িত্ব নেন। তাকে (মানসুরা) একাদশ শ্রেণির এক সেট বই ও নতুন কিছু কাপড়চোপড় কিনে দেন। একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কিছু টাকাও দেন। এ ছাড়া ছাত্রীটির উচ্চশিক্ষার ব্যয়ভার বহন করারও আশ্বাস দেন।

মানসুরার বাবা মনির হোসেন বলেন, ‘ধারকর্জ কইরা তারে এসএসসি পাস করাইছি। টেয়ার অভাবে মেয়ের লেহাপড়া বন্ধ অইতেছিল। কলেজেও ভর্তি করাইতে পারছিলাম না। বউ-পোলাপানেরে দুই বেলা খাওনই দিতে পারি না। মেয়ের পড়ার খরচ জোগামু কেমনে। মেয়র সাহেবের আশ্বাস পাইয়া ভালা লাগতাছে। এহন তার লেহাপড়া অইব।’

মানসুরা আক্তার বলে, ‘স্বপ্ন ছিল লেখাপড়া করে অনেক বড় হব। বিসিএস পরীক্ষায় পাস করে ম্যাজিস্ট্রেট হব। মেয়রের কাছ থেকে লেখাপড়ার খরচের প্রতিশ্রুতি পেয়ে স্বস্তি লাগছে। মনে হয় আমার স্বপ্নপূরণ হবে।’

ওই বিদালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেন বলেন, বিদ্যালয়ের শিক্ষকেরাও তাকে নানাভাবে সহযোগিতা করেছেন।

মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন বলেন, মেয়েটি গরিব কিন্তু অনেক মেধাবী। অর্থাভাবে তার লেখাপড়া বন্ধ হয়ে যাবে, তা মেনে নেওয়া যায় না। এখন থেকে তাকে খাতা-কলম ও বই কেনার টাকা, পরীক্ষার ফি এবং ফরম পূরণের টাকাসহ অন্যান্য খরচ দেবেন। প্রতি মাসে দেবেন কিছু হাত খরচের টাকাও।