মানহানিকর বক্তব্যের কথা বলে কাজল দেবনাথকে আইনি নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানকে নিয়ে মানহানিকর বক্তব্য প্রচার করা হয়েছে বলে উল্লেখ করে বাংলাদেশের পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
আইনি নোটিশ পাঠানো আইনজীবী মনজিল মোর্শেদ এক বিজ্ঞপ্তিতে বলেন, গত ৯ জানুয়ারি পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী সম্পর্কে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য প্রকাশ করেন। তাঁর এই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে ওই নোটিশে।
নোটিশে জানানো হয়, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ছয়বার সাংসদ নির্বাচিত হয়েছেন। গত ৮ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কাজল দেবনাথ মন্ত্রী মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে দিনাজপুরের পার্বতীপুরে সংখ্যালঘুদের জমি দখল, অত্যাচার ও নির্যাতনের অভিযোগ তুলেছেন। অথচ যে সম্পত্তি দখলের অভিযোগ আনা হয়েছে, তা সর্বোচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয় ২০০৯ সালের ৭ জানুয়ারি ভেস্টেড (পরিত্যক্ত) প্রোপার্টির তালিকা থেকে অবমুক্তি দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ২০১৪ সালের ২৫ জুন অবৈধ দখলদারদের উচ্ছেদ করে প্রকৃত মালিকদের দখল বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু কাজল দেবনাথ গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করে মন্ত্রীর মানসিক, আর্থিক ও সামাজিক ক্ষতি করেছেন। যার পরিমাণ ৫০ কোটি টাকা।
আগামী সাত দিনের মধ্যে মন্ত্রীর বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত তাঁর বক্তব্য প্রত্যাহার করে বিবৃতি প্রচার ও ক্ষমা প্রার্থনার জন্য বলা হয়েছে নোটিশে। তা না হলে ফৌজদারি ও দেওয়ানি আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রথম আলোকে জানিয়েছেন মনজিল মোর্শেদ।