মানহানির দায়ে অধ্যক্ষের দণ্ড
মানহানির দায়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শেখ মোহা. আমীনুল ইসলাম গত রোববার এই রায় দেন।দণ্ডাদেশ দেওয়ার পর অধ্যক্ষের নিযুক্ত কৌঁসুলি একই আদালতে জামিন প্রার্থনা করলে বিচারক স্থানীয় জামিনদার আলমডাঙ্গার জাইদুল ইসলামের জিম্মায় ১০ হাজার টাকার মুচলেকায় জামিন দেন। আদালত সূত্রে জানা গেছে, ওই কলেজের সাবেক উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম সাইদুজ্জামান রাহমানী ২০০৮ সালের ৯ মার্চ বাদী হয়ে চুয়াডাঙ্গার মুখ্য বিচারিক হাকিমের আদালতে মো. নজরুল ইসলামের বিরুদ্ধে মানহানির মামলা করেন। মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, অধ্যক্ষ নজরুল ইসলাম রাজনৈতিক প্রভাব খাটিয়ে অন্যায় ও বেআইনিভাবে আত্মসম্মান ক্ষুণ্নের উদ্দেশ্যে তাঁকে (এস এম সাইদুজ্জামান রাহমানী) উপাধ্যক্ষ পদ থেকে অপসারণ করেন। এ ছাড়া ২০০৭ সালের ৩ নভেম্বর নজরুল ইসলাম সংবাদ সম্মেলন করে তাঁর মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন করেন এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করেন। পরীক্ষার পাসের সনদপত্রসমূহ যাচাই-বাছাইয়ের ত্রুটি না পাওয়ার পরও তা দেখাতে কারণ দর্শানো নোটিশ প্রদান করেন।