মানহানির বিচার দাবিতে শিক্ষকেরা আন্দোলনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা গতকাল বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন শুরু করেছেন৷ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মানহানির ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারসহ চার দফা দাবিতে শিক্ষক সমিতির ডাকে তাঁরা এই কর্মসূচি পালন করছেন৷
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সূত্রে জানা গেছে, প্রফেসর মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারে দায়িত্বপ্রাপ্ত ওই শিক্ষক বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে গবেষণাগারে তাঁর কক্ষে ছিলেন৷ এ সময় কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদে কর্মরত আশরাফ নামের এক কর্মচারী তাঁর (গবেষক) মুঠোফোনে ফোন করে তাঁর সঙ্গে দেখা করতে চান। পরে আশরাফ এক নারীসহ তাঁর কক্ষে ঢোকেন৷ এ সময় কে বা কারা ওই কক্ষে তালা ঝুলিয়ে দেন। পরে ওই গবেষণাগারের প্রধান ফটকেও তালা ঝুলিয়ে দেওয়া হয়। সন্ধ্যা ছয়টার দিকে ছাত্রবিষয়ক উপদেষ্টা, প্রক্টর ও শিক্ষক সমিতির নেতারা কেন্দ্রীয় গবেষণাগারে এলে সেখানে থাকা কিছু শিক্ষার্থী তাঁদের বাধা দেন৷ এ কারণে তখন তাঁরা ওই শিক্ষক, আশরাফ ও নারীকে বের করতে ব্যর্থ হন। রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশ প্রশাসনের সহায়তায় ওই তিনজনকে সেখান থেকে বের করে আনে। এ সময় শিক্ষককে ফাঁসানোর অভিযোগ তুলে আশরাফ ও নারীকে পুলিশে সোপর্দ করা হয়।
ওই শিক্ষক অভিযোগ করেন, ‘ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার এক নেতাকে আমি পাঁচ-ছয় বছর আগে আশরাফুল হক হলের একটি কক্ষে মেয়েসহ ধরেছিলাম। ওই ঘটনার জের ধরেই এ ঘটনা ঘটানো হয়েছে।’
ছাত্রলীগের ওই নেতা বলেন, ‘পাঁচ-ছয় বছর আগে আশরাফুল হক হলে থাকাকালীন আমি অসুস্থ হলে আমার এক আত্মীয় আমাকে দেখতে আসেন। তৎকালীন ছাত্রনেতারা এবং ওই শিক্ষক আমাকে ফাঁসানোর জন্য এই অভিযোগ করেছিলেন। তবে ওই বিষয়টি তখনই সমাধান হয়ে যায়।’ গবেষণাগারের ফটক ও পরিচালকের কক্ষের দরজায় তালা লাগানোর অভিযোগ অস্বীকার করেছেন তিনি৷
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবু হাদী নূর আলী খান বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি না হওয়া পর্যন্ত কোনো শিক্ষক ক্লাস-পরীক্ষা নেবেন না। শিক্ষকের মানহানির ঘটনা অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গতকাল থেকে কাজ শুরু করেছে।