মানহানির মামলা আমার দেশের সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে সমন জারি
আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, প্রকাশকসহ চারজনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের ছোট ভাই মোরশেদুল ইসলাম। গতকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তিনি এ মামলা করেন। আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ চারজনকে আগামী ১০ জুন আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে। গতকাল মহানগর হাকিম এ কে এনামুল হক বাদী মোরশেদুল ইসলামের জবানবন্দি গ্রহণ করে এ আদেশ দেন।মাহমুদুর রহমান ছাড়া অন্য আসামিরা হলেন প্রকাশক হাসমত আলী, প্রতিবেদক এম এ নোমান ও রাকিব হোসেন। মামলার আরজিতে বলা হয়েছে, বাদী মোরশেদুল ইসলাম আইন প্রতিমন্ত্রীর ছোট ভাই এবং চলচ্চিত্র পরিচালক। তিনি মুক্তিযোদ্ধাদের নিয়ে বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। বড় ভাই আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের অনুপ্রেরণায় এসব করা সম্ভব হয়েছে। তিনি আরজিতে আরও বলেন, প্রতিমন্ত্রী কামরুল ইসলাম একজন মুক্তিযোদ্ধা। আইন প্রতিমন্ত্রী রাজাকার পরিবারের সন্তান—২৭ মে আমার দেশ পত্রিকায় এমন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এতে আইন প্রতিমন্ত্রী ও তাঁর পরিবারের মানহানি হয়েছে। এ কারণে তিনি ন্যায়বিচার চাইতে আদালতে এ মামলা করেন।