মানহানির মামলায় জামিন এ্যানির
ফরিদপুরে মানহানির একটি মামলায় জামিন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
আজ সোমবার এ মামলায় অভিযোগ গঠনের তারিখ ছিল। বাদীর করা সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৩১ ডিসেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।
দুপুরে ফরিদপুরের ৭ নম্বর বিচারিক আদালতের হাকিম গোলাম সরোয়ার এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার বাদী ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন। তিনি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ভাই। বাদী এখন বিদেশে অবস্থান করছেন। এ কারণে আজ আদালতে তাঁর পক্ষে আইনজীবী জাহিদ ব্যাপারী সময়ের আবেদন করেন। অপরদিকে আজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন এ্যানি।
উভয় পক্ষের আবেদন মঞ্জুর করেন আদালত। বাদী ও বিবাদীর উপস্থিতিতে অভিযোগ গঠন করার সিদ্ধান্ত দিয়ে আগামী ৩১ ডিসেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করেন আদালত।
বিবাদী পক্ষের আইনজীবী গোলাম রব্বানী বলেন, ‘এ্যানিকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আমরা আদালতে আবেদন জানিয়েছিলাম। আদালত আগামী ৩১ ডিসেম্বর বাদী ও বিবাদীর উপস্থিতিতে অভিযোগ গঠনের জন্য পরবর্তী তারিখ ধার্য করেছেন।’
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বক্তব্য দেন এ্যানি। ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটা ও রাত সাড়ে ১০টায় বেসরকারি একটি স্যাটেলাইট টেলিভিশনে তাঁর ওই বক্তব্য প্রচারিত হয়। এ্যানি তাঁর বক্তব্যে প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে ‘রাজাকার’ বলে উল্লেখ করেন।
ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে খন্দকার মোহতেশাম গত বছরের ১৮ মার্চ বিএনপির তৎকালীন সাংসদ এ্যানির বিরুদ্ধে ফৌজদারি আইনে একটি মানহানির মামলা করেন।
একই অভিযোগে খন্দকার মোশাররফ হোসেন নিজে বাদী হয়ে এ্যানির বিরুদ্ধে দেওয়ানি আইনে ৫০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে আরেকটি মামলা করেন। ফরিদপুরের যুগ্ম জেলা জজ-১-এর আদালতে এ মামলাটি বিচারাধীন রয়েছে।
মামলা করার পর এ্যানি হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। পরবর্তী সময়ে নিম্ন আদালত তাঁর জামিন বহাল রাখেন।
ফৌজদারি আইনের মামলাটি এক নম্বর আমলি আদালতে করা হয়। পরে অভিযোগ গঠনের জন্য তা ৭ নম্বর বিচারিক আদালতে স্থানান্তর করা হয়। জামিন নিতে এ জন্য আজ গোলাম সরোয়ারের আদালতে হাজির হন এ্যানি।