পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদকে ‘চাঁদাবাজ’ ও ‘দুর্নীতিবাজ’ বলায় মানহানির মামলায় জামিন পেয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
গতকাল সোমবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে এ আদেশ দেন। আগামী ১৮ নভেম্বর চার্জ গঠনের শুনানি পর্যন্ত জামিন মঞ্জুর করেন আদালত।
এপিপি নিখিল কুমার নাথ জানান, বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সভাপতি ইউনুচ তালুকদারের বিরুদ্ধে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদকে দুর্নীতিবাজ বলায় মানহানির মামলা করা হয়। গত ৩০ জুলাই আদালতে একই উপজেলার আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক সুভাষ বড়ুয়া বাদী হয়ে এ মামলা করেন। আদালত ১৬ সেপ্টেম্বর দুই আসামিকে হাজির হওয়ার নির্দেশ দেন। গতকাল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন দুই আসামি। শুনানি শেষে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।
গত ২৬ জুলাই রাঙ্গুনিয়ায় বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বাসভবনে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। পাশের এলাকায় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে কর্মসূচি পালনের ঘোষণা দেয় আওয়ামী লীগ। পরে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। পরদিন সংবাদ সম্মেলন করে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদকে দুর্নীতিবাজ বলে আখ্যায়িত করেন। এর পরদিন পাল্টা সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানান উত্তর জেলা আওয়ামী লীগের নেতারা।