মানহানির মামলায় সাংসদ এনামুরকে আদালতে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের সাংসদ এনামুর রহমানের বিরুদ্ধে হত্যার হুমকি ও মানহানির অভিযোগে আদালতে দুটি মামলা হয়েছে। এর মধ্যে মানহানির মামলায় সাংসদসহ বিবাদীদের ৩১ আগস্ট আদালতে তলব (সমন) করা হয়েছে।
গত মাসের শেষ দিকে ঢাকার দ্বিতীয় যুগ্ম জেলা জজ ও নির্বাহী হাকিমের আদালতে মামলা দুটি দায়ের করেন বহিষ্কৃত যুবলীগ নেতা নজরুল ইসলাম খান।
ঢাকার দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে দায়ের করা মামলায় নজরুল উল্লেখ করেন, রাজনৈতিকভাবে হেয় করার জন্য সাংসদ এনামুর তাঁর (নজরুল) বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী ও জেএমবির সদস্য আখ্যা দিয়ে কিছু লোক সাংসদের ইন্ধনে তাঁর বিরুদ্ধে মিছিল ও সমাবেশ করেছেন। এসব কারণে তাঁর রাজনৈতিক ও ব্যবসায়িক ক্ষতি হয়েছে; যার আনুমানিক মূল্য ১০০ কোটি টাকা।
আর নির্বাহী হাকিমের আদালতে দায়ের করা মামলায় নজরুল উল্লেখ করেন, সাংসদ এনামুর রহমানের নির্দেশে সাভার থানা যুবলীগের আহ্বায়ক সেলিম মণ্ডল, তাঁর ভাই মহসিন মণ্ডল, সাবেক যুবদল নেতা মিনহাজ উদ্দিন মোল্লাসহ কয়েকজন গত ২৭ জুলাই তাঁকে (নজরুল) মারধরের চেষ্টা করেন। এ ছাড়া বিভিন্ন সময় তাঁর মুঠোফোনে ফোন করে হত্যার হুমকিসহ মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন।
মামলা সম্পর্কে জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, সাংসদ এনামুর রহমানের তদবিরে তিনি সাভার থানা যুবলীগের যুগ্ম আহ্বায়কের পদ পেয়েছিলেন। এরপর সাবেক যুবদল নেতা একাধিক নাশকতার মামলার আসামি মিনহাজ উদ্দিন মোল্লাকে দলে ভেড়ানোকে কেন্দ্র করে সাংসদ ও সেলিম মণ্ডলের সঙ্গে তাঁর (নজরুল) মতপার্থক্য দেখা দেয়। এ পর্যায়ে সাভারের জামসিং মহল্লায় একটি ক্লাবের উদ্বোধনকে কেন্দ্র করে গত এপ্রিলে মিনহাজ ও তাঁর (নজরুল) সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের পর সাংসদের তৎপরতায় তাঁকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরসহ নানাভাবে তাঁকে হয়রানির চেষ্টা করা হচ্ছে।
সেলিম মণ্ডল দেশের বাইরে থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। মহসিন মণ্ডল ও মিনহাজ উদ্দিন মোল্লা আত্মগোপনে আছেন।
নজরুলের আইনজীবী হাসানুর রহমান বলেন, মামলা দায়েরের পর আদালত তা আমলে নিয়ে সাংসদ এনামুর রহমানসহ অন্যদের বিরুদ্ধে সমন জারি করেছেন। মানহানির মামলায় বিবাদীদের ৩১ আগস্ট আদালতে হাজির হতে হবে। হত্যার হুমকির মামলায় সাংসদকে আদালত নোটিশ করেছেন। ৩ সেপ্টেম্বরের মধ্যে তাঁকে নোটিশের জবাব দিতে হবে।
তবে অভিযোগ অস্বীকার করে সাংসদ এনামুর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে মামলা হয়েছে কি না জানা নেই। আমি কোনো সমনও পাইনি।’