মানহানির মামলার আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের নাম বদলে যাবে—এমন মন্তব্যের মাধ্যমে মানহানির অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার সকালে জননেত্রী পরিষদ নামের একটি সংগঠনের সভাপতি এ বি সিদ্দিক ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই আবেদন করেন।
দুপুরে মহানগর হাকিম আসাদুজ্জামান নুর বাদীর জবানবন্দি গ্রহণ করেন। বিকেলে বাদীর নালিশি আবেদনটি খারিজ করে দেন আদালত। মানহানির অভিযোগে সংক্ষুব্ধ ব্যক্তি আদালতে নালিশি আবেদন না করায় আদালত তা খারিজ করেন। বাদী আরজিতে বলেন, খালেদা জিয়া গোপালগঞ্জবাসীকে অপমানিত করেছেন। তাঁর এ ধরনের বক্তব্য গোপালগঞ্জবাসীর জন্য মানহানিকর। তিনি (বাদী) একজন গোপালগঞ্জবাসী হিসেবে মানহানির অভিযোগে এই আবেদন করলেন। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন রাফিকুল ইসলাম মোল্লা।