মানহানির মামলায় অলির বিরুদ্ধে সমন জারি
মানহানির মামলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম নুরুল ইসলাম এই আদেশ দেন।চন্দনাইশের মোহাম্মদপুরের বাসিন্দা আবু আহাম্মদ গতকাল চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম নুরুল ইসলামের আদালতে ওই মামলা করেন। আদালত অভিযোগ গ্রহণ করে বিবাদী অলি আহমদের বিরুদ্ধে সমন জারি করেন। ২৯ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।মামলার আরজিতে সাতকানিয়ার একটি জনসভায় অলি আহমদের দেওয়া বক্তব্যের উদ্ধৃতি তুলে ধরা হয়, যা চট্টগ্রামের একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়, গত ১৭ নভেম্বর সাতকানিয়ার কেউচিয়া ইউনিয়নে এক জনসভায় অলি বলেছেন, ‘আমি যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছি, তখন শেখ হাসিনা একজন মন্ত্রীকে আমার বাসায় পাঠিয়েছেন। আমার মুখে তাঁদের দুর্নীতির বিরুদ্ধে কথা না বলার জন্য আমাকে টাকা ও মন্ত্রিত্বের লোভ দেখিয়েছিলেন। তখন আমি বলেছিলাম, তোমরা (আওয়ামী লীগ) বেইমান। পুরো বাংলাদেশ দিলেও আমি আওয়ামী লীগের সঙ্গে নেই।’অলির বক্তব্যকে মানহানিকর উল্লেখ করে আবু আহাম্মদ ওই মামলা করেন।চট্টগ্রাম জেলার সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আবুল হাশেম প্রথম আলোকে জানান, কর্নেল (অব.) অলি আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর বক্তব্য দিয়েছেন, যা চট্টগ্রামের দৈনিক আজাদী পত্রিকায় প্রকাশিত হয়েছে। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে ক্ষুব্ধ এক নাগরিক আদালতে মামলা করেন।প্রসঙ্গত, এর আগে চন্দনাইশের এক জনসভায় নারী সাংসদ সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে কর্নেল অলির বিরুদ্ধে আদালতে মামলা করেন চন্দনাইশের এক ব্যক্তি। ওই মামলায় জামিন নিতে গিয়ে অলি আহমদ হামলার শিকার হন।