মানহানির মামলায় খন্দকার মোশাররফের বিরুদ্ধে বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মানহানির অভিযোগে করা মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম আতাউল হক এই অভিযোগ গঠন করেন।
এর মাধ্যমে খন্দকার মোশাররফের বিরুদ্ধে এ মামলার বিচারকাজ শুরু হলো। আদালত ২২ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন।
অভিযোগ গঠনের শুনানিতে খন্দকার মোশাররফ হোসেনের আইনজীবী তাহেরুল ইসলাম বলেন, খন্দকার মোশাররফের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সঠিক নয়। তিনি যা বলেছেন, তা ছিল রাজনৈতিক বক্তব্য। কোনো ব্যক্তির মানহানির উদ্দেশ্যে বলেননি। তিনি মামলা থেকে খন্দকার মোশাররফকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান।
কারাগারে আটক খন্দকার মোশাররফকে গতকাল আদালতে হাজির করা হয়। তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।
মামলায় অভিযোগ করা হয়, ২০১২ সালে জাতীয় প্রেসক্লাবের সামনে খন্দকার মোশাররফ বলেন, ‘যদি জোর করে ক্ষমতায় থাকতে চায়, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঁচাত্তরের পরিণতি ভোগ করতে হবে।’ এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী গত বছরের ২০ জানুয়ারি খন্দকার মোশাররফের বিরুদ্ধে আদালতে মানহানির অভিযোগে মামলা করেন।