মানহানির মামলায় জামিন পেলেন সাংসদ শহীদ উদ্দীন
ফরিদপুরে মানহানির মামলায় আদালতে হাজিরা দিয়ে জামিন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্রবিষয়ক ও সম্পাদক সাংসদ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। গতকাল বৃহস্পতিবার ফরিদপুরের ১ নম্বর বিচারিক হাকিম আবদুল্লাহ আল মাসুদের আদালত থেকে তিনি জামিন পান।আদালত প্রাঙ্গণে সাংসদের আগমনকে কেন্দ্র করে মামলার বাদী প্রবাসীকল্যাণমন্ত্রীর ভাই খন্দকার মোহতেসাম হোসেনের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো মিছিল, মানববন্ধন, ধিক্কার সমাবেশ, কালো পতাকা ও জুতা দেখায়। ফলে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়। আদালত প্রাঙ্গণে এমন ঘটনাকে রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থী ও অগণতান্ত্রিক হিসেবে আখ্যায়িত করেছেন শহীদ উদ্দীন চৌধুরী। ময়েজ মঞ্জিলে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘কালো পতাকা দেখিয়ে রাজাকারের খাতা থেকে নাম কাটানোও যাবে না।’বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেছেন, ‘এ্যানি আমাদের মেহমান। তাঁর প্রতি যে আচরণ করা হলো তাতে এ জেলার একজন নাগরিক হিসেবে আমাদের মাথা হেঁট হয়ে গেছে।’ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী বলেন, আদালত প্রাঙ্গণে বাদীর এ আচরণ আইনের প্রতি অবাধ্যতা ও শিষ্টাচার পরিপন্থী। জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন বলেন, মন্ত্রীকে (খন্দকার মোশাররফ হোসেন) যুদ্ধাপরাধী বলেছেন ওই সাংসদ। তাঁর এ কথা মোটেও ঠিক নয়। ভাইয়ের হয়ে মামলা করেছেন খন্দকার মোহতেসাম হোসেন। মামলার রায় আদালত নির্ধারণ করবেন। জুতা ও কালো পতাকা প্রদর্শন বা জামিনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা ঠিক হয়নি। গত ১১ ফেব্রুয়ারি বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের খবরে শহীদ উদ্দীন চৌধুরীর একটি জনসভার বক্তব্য প্রচার করা হয়। ওই বক্তব্যে তিনি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে তাঁর শাস্তি দাবি করেন।