মানহানির মামলায় প্রথম আলোর রায়পুর প্রতিনিধির জামিন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার তত্কালীন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরোজ কুমার নাথের দায়ের করা মানহানির মামলায় প্রথম আলোর রায়পুর প্রতিনিধি এ বি এম রিপনকে জামিন দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার জেলার মুখ্য বিচারিক হাকিম অনিমা বালা সাহা এ নির্দেশ দেন।জামিনের আবেদন করে রিপনের আইনজীবী আদালতকে বলেন, ঘূর্ণিঝড় আইলা-দুর্গত মানুষের জন্য বরাদ্দ করা টাকা ও ত্রাণসামগ্রী বিতরণ না করে সরোজ কুমার নাথ তা আত্মসাত্ করেন। ত্রাণ বিতরণের জন্য চেয়ারম্যানের নামে চেক দেওয়ার নিয়ম থাকলেও ইউএনও তাঁর অফিস সহকারী মোজাফ্ফর আহম্মদকে দিয়ে সোনালী ব্যাংক থেকে এক লাখ টাকা তোলেন।রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মালেক মাঝির মাধ্যমে তত্কালীন ইউএনও সরোজ কুমার ২৫ জনকে এক লাখ টাকা ও ১০০ জনকে চাল, ডাল, আলু, চিড়ার প্যাকেট দেন উল্লেখ করে গত ২ জুন জেলা প্রশাসকের কার্যালয়ে চিঠি পাঠান। কিন্তু ইউপি সদস্য আবদুল মালেক মাঝি গত ২৫ জুন প্রথম আলোর কাছে লিখিত বক্তব্যে বলেন, ‘আমার মাধ্যমে ইউএনও ত্রাণসামগ্রী দেননি।’এ নিয়ে গত ২৮ জুন প্রথম আলোতে ‘তাহলে রায়পুরে ইউএনও কাদের ত্রাণ দিলেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের কারণে ৫০ লাখ টাকার মানহানি হয়েছে উল্লেখ করে সরোজ কুমার নাথ গত ১৪ জুলাই মুখ্য বিচারিক হাকিম অনিমা বালা সাহার আদালতে মামলা করেন। বর্তমানে সরোজ কুমার গাজীপুরের কাপাসিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা।