মানহানির মামলায় প্রথম আলোর সম্পাদক ও প্রতিবেদকের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানহানির মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও বিশেষ প্রতিবেদক অরূপ দত্ত জামিন পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম তাঁদের জামিন মঞ্জুর করেন।গত বছরের ২৫ অক্টোবর ‘সাংসদ কামাল মজুমদারের দখলবাজি, হাসপাতালের জায়গায় পোশাক কারখানা’ শিরোনামে সংবাদ ছাপা হয়। এতে মানহানির অভিযোগে ২৭ অক্টোবর মামলা করা হয়। গতকাল সমন ফেরতের জন্য দিন ধার্য ছিল। মতিউর রহমান ও অরূপ দত্তের পক্ষে আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার জামিনের আবেদন করেন। শুনানি শেষে হাকিম আবদুল্লাহ আল মামুন জামিনের আবেদন মঞ্জুর করেন। একই আদালতে পৃথক মামলায় যায়যায়দিন পত্রিকার চেয়ারম্যান সাইদ হোসেন চৌধুরী, পত্রিকার সম্পাদক কাজী রোকনউদ্দিন আহমেদ, প্রকাশক আবুল হাসান মো. আল ফারুক ও রংপুর প্রতিনিধি সেবু মোস্তাফিজের জামিনের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। গত বছরের ২৭ অক্টোবর পীরগঞ্জের সাংসদ আবুল কালাম আজাদ মামলাটি দায়ের করেন। জানা যায়, এই পত্রিকায় গত বছরের ৪ অক্টোবর ‘এমপি হয়ে ধরাকে সরা ভাবছেন পীরগঞ্জের কালাম’ শিরোনামে সংবাদ প্রকাশ করায় মানহানির মামলা করা হয়। দুটি মামলার বাদীই আদালতে উপস্থিত ছিলেন না। বিবাদীদের পক্ষে শুনানিতে অংশ নেন সৈয়দ আহমেদ গাজী, চৈতন্য চন্দ্র হালদার, আনোয়ারুল কবির, মাহবুবুল হক, তানজিম আল ইসলাম, বেলাল হোসেন প্রমুখ আইনজীবী।