মানহানির মামলায় প্রথম আলোর সম্পাদকের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে দায়ের হওয়া একটি মানহানির মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান চার সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। গতকাল সোমবার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ তাঁর জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী রমজান আলী শিকদার। সঙ্গে ছিলেন আইনজীবী নাজিব হুদা ও আফতাব উদ্দিন ছিদ্দিকী।গত ২৩ ডিসেম্বর ‘ভুয়া প্রকল্পে ৯৮ টন খাদ্যশস্য আত্মসাৎ’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়। এরপর ৮ জানুয়ারি মানহানির অভিযোগে মানিকগঞ্জের চতুর্থ বিচারিক হাকিমের আদালতে প্রথম আলোর সম্পাদক ও সংশ্লিষ্ট দুই প্রতিবেদকের (অরূপ রায় ও আব্দুল মোমিন) বিরুদ্ধে মামলাটি করেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ। এ মামলায় গতকাল প্রথম আলোর সম্পাদক আদালতে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন।