মানহানির মামলায় মাহমুদুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে সমন জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরীর দায়ের করা মানহানির মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ তিনজনকে আগামী ৯ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।তৌফিক-ই-এলাহী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে গতকাল দুপুরে এ মামলা করেন। মহানগর হাকিম রোকসানা আকতার মামলার অভিযোগ আমলে নিয়ে আসামিদের হাজির হওয়ার জন্য সমন জারি করেন। মাহমুদুর রহমান ছাড়া অন্যরা হলেন, আমার দেশ পত্রিকার প্রকাশক হাসমত আলী ও প্রতিবেদক এম আবদুল্লাহ।মামলায় অভিযোগ করা হয়, দেশের জ্বালানি ও বিদ্যুত্ খাতে দ্রুত উন্নয়ন নিশ্চিত করতে গ্যাসের উত্পাদন বৃদ্ধি করে তা সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু আসামিরা পরস্পর যোগসাজশে ষড়যন্ত্র করে বাদী তৌফিক-ই-এলাহী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়কে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তকর সংবাদ প্রকাশ করছেন। আসামিরা গত ১৭ ডিসেম্বর ‘তৌফিক-ই-এলাহী ও সজিব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে পাঁচ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার অভিযোগ’ শিরোনামে মানহানিকর সংবাদ প্রকাশ করেন। বাদী এর প্রতিবাদ পাঠালে আসামিরা তাঁদের প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করে প্রকাশিত সংবাদটিকে সত্য বলে মন্তব্য করেন। মামলা করার পর তৌফিক-ই-এলাহী সাংবাদিকদের বলেন, মিথ্যা, বিভ্রান্তিকর ও অসত্য সংবাদ প্রকাশের কারণে তিনি দেশে-বিদেশে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন।