মানহানির মামলায় মাহ্ফুজ আনামের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানহানির মামলায় হাজিরা দিতে গতকাল রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে যান ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় জ্যেষ্ঠ আইনজীবীরা l ছবি: প্রথম আলো
মানহানির মামলায় হাজিরা দিতে গতকাল রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে যান ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় জ্যেষ্ঠ আইনজীবীরা l ছবি: প্রথম আলো

রংপুরে ১০০ কোটি টাকার মানহানির মামলায় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামের জামিন মঞ্জুর করেছেন আদালত। আগামী ২৬ মে মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শফিউল আলমের আদালত শুনানি শেষে মাহ্ফুজ আনামের জামিন মঞ্জুর করেন। পাশাপাশি মামলাটি মুখ্য বিচারিক হাকিম আদালতে স্থানান্তর করা হয়েছে।
মাহ্ফুজ আনাম গতকাল বেলা সোয়া ১১টায় আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। সম্প্রতি মাহ্ফুজ আনামের বিরুদ্ধে হওয়া মামলাগুলোর মধ্যে এই প্রথম কোনো মামলায় তিনি জামিন পেলেন।
শুনানিতে মাহ্ফুজ আনামের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোয়াজ্জেম হোসেন চৌধুরী, আবদুর রশিদ চৌধুরী, নির্মল চন্দ্র মাহাতা, মুনীর চৌধুরী, আবু তাহের আলী, রেজিনা ইয়াসমীন, আমজাদ আলী ও কমলকুমার মজুমদার। মুনীর চৌধুরী বলেন, আদালত এক হাজার টাকা বন্ড ও দুজনের জিম্মায় জামিন মঞ্জুর করেছেন।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মণ্ডল গত ১৫ ফেব্রুয়ারি মাহ্ফুজ আনামের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেছিলেন।
৪ ফেব্রুয়ারি রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এক-এগারোর সময় সংবাদ প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের বিচ্যুতির প্রসঙ্গ উল্লেখ করে মাহ্ফুজ আনাম তাঁর পত্রিকায়ও এমন ত্রুটি-বিচ্যুতি হয়েছিল বলে স্বীকার করেন। এরপর থেকে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে একের পর এক মামলা হয়। দেশের বিভিন্ন জেলায় মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে ৭৮টির মতো মামলা দায়ের হয়েছে।
বেশির ভাগ মামলার অভিযোগও প্রায় একই রকম। অভিযোগে বলা হয়, এক-এগারোর সময় একটি গোয়েন্দা সংস্থার নির্দেশনা বাস্তবায়নে গণতন্ত্রবিরোধী শক্তিকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে মাহ্ফুজ আনাম তাঁর সম্পাদিত পত্রিকায় মিথ্যা ও বিকৃত তথ্য প্রকাশ করেন, যা রাষ্ট্রদ্রোহের শামিল। এ কারণে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে দীর্ঘদিন কারাভোগ করতে হয়। এতে তাঁর দল ও মামলার বাদীদের মানহানি হয়েছে।