মাননিয়ন্ত্রণহীন ওষুধ প্রস্তুতের অভিযোগে করা মামলার বাদী ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক আবুল খায়েরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আবদুর রশিদ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি শাহিন আহমেদ ও মাহমুদ হানান প্রথম আলোকে বলেন, মেসার্স বিসিআই বাংলাদেশ নামের একটি ওষুধ কোম্পানির বিরুদ্ধে মাননিয়ন্ত্রণ অধ্যাদেশের দুটি মামলায় গতকাল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল।
১৯৯৩ সালে ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক আবুল খায়ের বাদী হয়ে ঢাকার ড্রাগ আদালতে মামলা করেন। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত মামলার কার্যক্রম স্থগিত করেন। উচ্চ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহারের পর ২০১২ সালের ৩১ মে আবুল খায়েরের প্রতি সমন জারি করেন আদালত। কিন্তু তিনি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আদালতে হাজির হননি।
সমন পেয়েও হাজির না হওয়ায় আবুল খায়েরকে তিরস্কার করেন আদালত। আদালতে না যাওয়ার কারণ জানতে চাওয়া হলে তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি। পরে আদালত মামলার কাগজপত্র দেখতে চাইলে তিনি তাও উপস্থাপন করতে ব্যর্থ হন। গতকাল আদালত আংশিক সাক্ষ্য গ্রহণ করেন। বাকি সাক্ষ্য গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত তাঁকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।
বিচারক এজলাস ত্যাগ করার পর আবুল খায়ের বলেন, ‘মামলার কাগজপত্র কোথায় কীভাবে আছে, তা জানা নেই। আমি কারাগারে আটক থাকলে তা কীভাবে আদালতে উপস্থাপন করব।’
মামলায় অভিযোগ করা হয়, ১৯৯২ সালে শেরেবাংলা নগরের শিশু হাসপাতালে প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবন করে অনেক শিশু মারা যায়। ওই সময় ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে বিসিআই লিমিটেডের প্রস্তুত করা প্যারাসিটামল সিরাপের নমুনা পরীক্ষা করে একধরনের বিষাক্ত পদার্থের সন্ধান পাওয়া যায়। ওই বিষাক্ত পদার্থের কারণেই শিশুদের মৃত্যু হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় মেসার্স বিসিআই বাংলাদেশ লিমিটেডের পরিচালক শাহজাহান সরকারসহ পাঁচজনকে আসামি করা হয়। অন্য আসামিরা হচ্ছেন উত্পাদন ব্যবস্থাপক এমতাজুল হক, মাননিয়ন্ত্রণ ব্যবস্থাপক আয়েশা খাতুন, নির্বাহী পরিচালক এ এস এম বদরুদ্দোজা চৌধুরী, পরিচালক শামসুল হক ও নুরুন নাহার।
আসামিদের মধ্যে শাহজাহান সরকার আদালতে উপস্থিত ছিলেন। বাকি আসামিরা জামিন পেয়ে পলাতক আছেন।