সংবাদ সম্মেলনে ভাস্কর্য বিভাগ প্রাক্তনি সংঘ
মানহীন কুরুচিপূর্ণ সব ভাস্কর্য প্রতিস্থাপনের দাবি
ইতিমধ্যে স্থাপিত যেসব ভাস্কর্য সত্যিই মানহীন, কুরুচিপূর্ণ ও দৃষ্টিদূষণকারী, তা প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া এবং সিটি করপোরেশনের ভাস্কর্য স্থাপনের প্রক্রিয়া স্থগিত, প্রচলিত বিধি বাতিল করাসহ ১০ দফা করণীয় প্রস্তাব করেছে ভাস্করদের প্রতিনিধিত্বকারী সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগ প্রাক্তনি সংঘ।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রস্তাব উপস্থাপন করে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ভাস্কর্য স্থাপন অনেক সময় ব্যয়বহুল হতে পারে। এই সুযোগে একধরনের অসাধু চক্র ঠিকাদারি প্রক্রিয়ায় এ ধরনের স্থাপনা বসিয়ে অসৎভাবে লাভবান হওয়ার চেষ্টা করে। প্রক্রিয়ার অস্বচ্ছতার কারণে ভাস্কর্যের নামে ওই সব দুর্বল মানহীন স্থাপনার দায়িত্ব নেওয়ার কেউ থাকে না। এই সুযোগে ওই সব দুর্বল নির্মাণকে কেন্দ্র করে প্রায়ই ধর্ম ও অন্যান্য প্রসঙ্গের দোহাই তুলে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী রাজনৈতিক, সামাজিক ও সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করে। সম্প্রতি সুপ্রিম কোর্ট চত্বরকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনা তার বড় উদাহরণ।
লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশে আধুনিক ভাস্কর্যচর্চার সূচনা হয় ১৯৬০-এর দশকে ঢাকায় নভেরা আহমেদের সৃষ্ট ভাস্কর্য স্থাপন ও প্রদর্শনের মাধ্যমে। ঢাকা নগরকে কেন্দ্র করে তিনি শৈল্পিক মানবিকতা বিস্তারের স্বপ্ন দেখেছিলেন। তাঁর অন্যতম লক্ষ্য ছিল ঢাকাকে ভাস্কর্য দিয়ে প্রাণবন্ত করে তোলা, যাতে শৈল্পিক ভাস্কর্যসমৃদ্ধ প্রতিবেশ মানুষের জীবনকে মাহাত্ম্যের দিকে নিয়ে যায়, মানুষ তার অন্তঃস্থ সত্যের সন্ধান পায়।
একাত্তরের মুক্তিযুদ্ধ ভাস্কর্যের অনুশীলন ও সৃষ্টিশীলতাকে নতুন মাত্রা দেয়। স্বাধীনতার পর রচিত হয় অধ্যাপক আব্দুর রাজ্জাকের জাগ্রত চৌরঙ্গী, সৈয়দ আবদুল্লাহ খালিদের অপরাজেয় বাংলা, হামিদুজ্জামান খানের সংশপ্তকসহ নান্দনিক গুণে-মানে অনবদ্য কিছু স্মারক ভাস্কর্য।
কিন্তু সম্প্রতি ভাস্কর্যের বিশেষ একটি ধারা গণপ্রাঙ্গণ বা উন্মুক্ত স্থানের ভাস্কর্য স্থাপনকে কেন্দ্র করে নানা সংকট তৈরি হচ্ছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে মূলত একটি শুভ উদ্যোগের ক্ষেত্রে ভুল প্রক্রিয়া অনুসরণের কারণে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রাক্তনি সংঘের আহ্বায়ক মজিবর রহমান, যুগ্ম আহ্বায়ক ও ভাস্কর্য বিভাগের অধ্যাপক লালা রুখ সেলিম, বিভাগের চেয়ারম্যান এ এ এম কাওসার হাসান, রাজু ভাস্কর্যের ভাস্কর শ্যামল চৌধুরী এবং প্রাক্তনি সংঘের সদস্যসচিব ও সহকারী অধ্যাপক নাসিমুল খবির।
সংবাদ সম্মেলনে উন্মুক্ত স্থানে ভাস্কর্য নির্মাণে সরকারের বিভিন্ন সংস্থার উদ্দেশ্যে একটি নীতিমালার রূপরেখা ও করণীয় হিসেবে ১০ দফা প্রস্তাব তুলে ধরা হয়।
লিখিত বক্তব্যে পড়ে শোনান এ এ এম কাওসার হাসান। এতে বলা হয়, বেশ কয়েক বছর ধরে সৌন্দর্যবর্ধনের নামে ঢাকাসহ বিভিন্ন মহানগর ও জনপদে ভাস্কর্য হিসেবে কিছু স্থাপনা বসানো হয়েছে। এগুলোর বেশির ভাগই কদর্য, কুরুচিপূর্ণ। এগুলো দৃষ্টিনন্দন না হয়ে বরং দৃষ্টিদূষণের সৃষ্টি করছে। এই অনান্দনিক নির্মাণসমূহ এ দেশের শত শত ভাস্করের ভাবমূর্তি যেমন বিনষ্ট করছে, তেমনি জাতীয় মর্যাদার জন্য হুমকি সৃষ্টি করছে। এসব ভাস্কর্যের বেশির ভাগ নির্মিত ও স্থাপিত হয়েছে অস্বচ্ছ প্রক্রিয়ায়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, ১০ বছর আগেই দেশের প্রথিতযশা ভাস্কর, স্থপতি, নগর পরিকল্পনাবিদ, ইতিহাসবিদেরা সৌন্দর্যবর্ধনের নামে মানহীন স্থাপনাগুলোকে দৃষ্টিদূষক হিসেবে চিহ্নিত করে প্রত্যাখ্যান করেছেন। ২০০৮ সালে স্বচ্ছ ও যথাযথ প্রক্রিয়ায় প্রকৃত শিল্পীদের মাধ্যমে ভাস্কর্য নির্মাণের জন্য নীতিমালা প্রস্তাব করে একাধিক সংবাদ সম্মেলন করা হয়, স্মারকলিপিও দেওয়া হয়। কিন্তু অজানা কারণে একই ধরনের সংকটের পুনরাবৃত্তি ঘটতে থাকে। ফলস্বরূপ দেশ ও জাতির জন্য শুধু অবাঞ্ছিত সংকটই তৈরি হচ্ছে না, বরং ভাস্কর্যের সমকালীন অনুশীলনকেও তা বাধাগ্রস্ত করছে এবং ভাস্কর্য সম্পর্কে অহেতুক বিভ্রান্তির জন্ম হচ্ছে।
ভাস্কর্য বিভাগ প্রাক্তনি সংঘ এই সংকট নিরসনে একটি নীতিমালার রূপরেখা ও করণীয় হিসেবে ১০ দফা প্রস্তাব করেছে। ১. সৌন্দর্যবর্ধনে সিটি করপোরেশনের ভাস্কর্য স্থাপনের প্রক্রিয়া স্থগিত ও প্রচলিত বিধি বাতিল করা। ২. গণপ্রাঙ্গণে ভাস্কর্য স্থাপনের আগে ভাস্কর্য বিষয়ে প্রত্যক্ষ বিশেষজ্ঞদের নেতৃত্বে সংবেদনশীল স্থপতি, নগরপরিকল্পনাবিদ, শিল্পসমালোচকদের যুক্ত করে নির্বাহী পর্ষদ গঠন করা। পর্ষদ নির্দিষ্ট গণপ্রাঙ্গণের জন্য উপযোগী ভাস্কর্য স্থাপনের প্রাথমিক রূপরেখা প্রণয়ন করে উন্মুক্ত প্রতিযোগিতা আহ্বান করা। ৩. প্রতিযোগিতার মাধ্যমে প্রকৃত ভাস্করের যথাযথ ভাস্কর্য নির্বাচন করা। ৪. নির্বাচিত ও অনির্বাচিত মডেল ও নকশা নিয়ে উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করা। ৫. প্রদর্শনীর দর্শক প্রতিক্রিয়া বিবেচনায় নিয়ে চূড়ান্তভাবে ভাস্কর্য অনুমোদন করা। ৬. জনমনে জাগা যেকোনো প্রশ্নের জবাব দেওয়া। ৭. প্রকৃত ভাস্করদের শিল্পকর্ম নির্বাচন করা এবং ভাস্কর্য নির্মাণ ও সম্মানী প্রাপ্তি তত্ত্বাবধান করা। ৮. ওপরের রূপরেখার ভিত্তিতে প্রণীত নীতিমালা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান যেন পালন করে তা নিশ্চিত করা। ৯. ভাস্কর্য সম্পর্কে প্রকৃত ধারণা দিতে ভাস্কর্যসহ চারুকলাকে প্রাথমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ে আবশ্যকীয় এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ঐচ্ছিক বিষয় হিসেবে নিশ্চিত করা। ১০. ইতিমধ্যে স্থাপিত যেসব ভাস্কর্য সত্যিই মানহীন, কুরুচিপূর্ণ ও দৃষ্টিদূষণকারী, তা প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া।