মানহীন পানির তিন কার খানা সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি ভরার আগে জার জীবাণুমুক্ত ও পানি বিশুদ্ধকরণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ৪ মার্চ রাজধানীর কারওয়ান বাজারের তিনটি পানির কারখানা সিলগালা করে দিয়েছিল মান নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিএসটিআই। কিন্তু কয়েক দিন পরই সিলগালা ভেঙে আবার উৎপাদন শুরু করেন মালিকেরা।
গতকাল শুক্রবার মানহীন পানির ওই তিন কারখানায় অভিযান চালিয়ে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ১৫ জনকে দণ্ড এবং কারখানাগুলো আবার সিলগালা করে দেন।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিদের মধ্যে একটি কারখানার মালিক খন্দকার এ কে আজাদকে (৩০) দুই বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাকি ১৪ জন কারখানার কর্মী ও সরবরাহকারী। তাঁদের প্রত্যেককে সাত হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। ভেজাল ও মানহীন পানি বাজারজাত ও সরবরাহ করায় এ দণ্ড দেওয়া হয়। বাকি দুটি কারখানার মালিককে পাওয়া যায়নি। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
৪ মার্চ অভিযানকালে ওই তিন কারখানার কোনো মালিককেই পাননি বিএসটিআইর কর্মকর্তারা।
গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা।
র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, বিএসটিআই থেকে এই কারখানাগুলোর অনুমোদন নেওয়া হয়নি। পানি সরবরাহে ব্যবহূত নীল রঙের ১৯ লিটারের জারগুলো পানিভর্তি করার আগে জীবাণুমুক্ত করার বাধ্যবাধকতা থাকলেও এই কারখানাগুলোতে তা করা হয় না। পানি জারে ভরার জন্য স্বয়ংক্রিয় যন্ত্র থাকার কথা থাকলেও এখানে এসব ব্যবহার হয় না। কারখানায় একটি পরীক্ষাগার ও একজন রসায়নবিদ থাকার কথা থাকলেও এসব কারখানায় তা নেই।
সরেজমিনে দেখা যায়, তেজগাঁও রেলস্টেশনের পাশে মুরগিপট্টির কাছে এই তিনটি কারখানার অবস্থান। নিচতলার একটি বড় ঘরে একেকটি কারখানা। ভেজা মেঝেতে ধুলাবালি মিশে কাদা হয়ে আছে। এর মধ্যেই প্লাস্টিকের একটি বড় ট্যাংকে ওয়াসার সরবরাহ করা পানি রেখে সেটি দেশীয় প্রযুক্তিতে বিশুদ্ধকরণ করা হয় বলে কারখানার কর্মীরা জানান।
কারখানার কর্মীদের দাবি, জারগুলো ভরার আগে পানি দিয়ে ধোয়া হয়। ফার্মগেট, কারওয়ান বাজার, তেজগাঁওয়ের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ, খাবারের দোকান ও চায়ের দোকান এদের মূল ক্রেতা। কিছু অফিসেও এখান থেকে পানি সরবরাহ করা হয়।