মানহীন ব্লাড ব্যাংক বন্ধে সাহায্য চাইল স্বাস্থ্য মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানহীন ব্লাড ব্যাংক বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ শনিবার মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম এ সহযোগিতা চান। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, কিছু কিছু প্রতিষ্ঠান লাইসেন্স ছাড়া রক্ত নিয়ে ব্যবসা করছে এবং রক্ত পরিসঞ্চালনের কার্যক্রমে কোনো মান বজায় রাখছে না। তিনি নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে রক্ত পরিসঞ্চালন কার্যক্রম কঠোর নজরদারিতে আনার কথা বলা হয়। নিরাপদ রক্ত পরিসঞ্চালনের কাজে জড়িত মানসম্মত বেসরকারি সংস্থাগুলোকে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়ারও সিদ্ধান্ত হয় আজকের বৈঠকে।

সভায় জানানো হয়, গত দুই সপ্তাহের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের একটি বিশেষ দল ঢাকাসহ কয়েকটি জেলায় অভিযান চালিয়ে মানহীন ও অবৈধ ১১টি ব্লাড ব্যাংক বন্ধ করেছে।

সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব সৈয়দ মনজুরুল ইসলামসহ চিকিৎসক নেতা, অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজধানীর বিভিন্ন হাসপাতালের রক্ত পরিসঞ্চালন কেন্দ্রের বিভাগীয় প্রধান, র‌্যাব প্রতিনিধি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সন্ধানীসহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিরাপদ রক্ত পরিসঞ্চালন কর্মসূচির লাইন ডাইরেক্টর অধ্যাপক শামিউল ইসলাম রক্ত পরিসঞ্চালন চিত্র তুলে ধরেন।