মানারাত ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে 'থ্রাভিং স্কিল ফর ক্যারিয়ার' ওয়ার্কশপ

বেসরকারি বিশ্ববিদ্যালয় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) ইংলিশ ক্লাবের আয়োজনে দিনব্যাপী ‘থ্রাভিং স্কিল ফর ক্যারিয়ার’ (Thriving skills for career) শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে।
আগামী মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজধানীর আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের হলরুমে অনুষ্ঠিত হবে এ ওয়ার্কশপ। ওই দিন বিকেলে ওয়ার্কশপ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ বিতরণ করা হবে।
ইংরেজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক আহমদ মাহাবুবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত থাকবেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কোরবান আলী।

ওয়ার্কশপে রিসার্চ পারসন হিসেবে উপস্থিত থাকবেন বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক ও রিসার্চ নেক্সট লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের সিইও মো. আশিকুজ্জামান। তিনি আলোচনা করবেন ‘একবিংশ শতাব্দীর যোগাযোগের দক্ষতা’ সম্পর্কে। এ ছাড়াও রিসার্চ পারসন হিসেবে উপস্থিত থাকবেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আফসার কাইয়ুম। তিনি ‘বিদেশে উচ্চশিক্ষায় ইংরেজি দক্ষতার উন্নয়ন’ বিষয়ে আলোচনা করবেন।
ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হক শিবলুর আলোচনার বিষয় ‘আত্মবিশ্বাস চর্চা ও উন্নয়ন’। ইংরেজি বিভাগের প্রভাষক ও হ্যালো-টিন সোসাইটির সভাপতি আসাদ খান ‘মিউজিক্যাল মেডিটেশন অ্যান্ড ইজি ফোনেটিক্স’ বিষয়ে আলোচনা করবেন।
লেখক: শিক্ষার্থী, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি