মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি মেলা
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সামার-২০২২ সেমিস্টারে ভর্তি মেলা শুরু হয়েছে। সাত দিনব্যাপী এ মেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। মেলা উপলক্ষে ভর্তি ফির ওপর ৫০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।
গত বুধবার মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নজরুল ইসলাম। মেলায় ভর্তি ফির ওপর ছাড় ছাড়াও স্পট অ্যাডমিশনে আকর্ষণীয় পুরস্কার রয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেলা চলাকালে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে টিউশন ফির ওপর ৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে। এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে চতুর্থ বিষয় ছাড়া যেসব শিক্ষার্থী জিপিএ–৫ পেয়েছেন, তাঁদের টিউশন ফিতে ১০০ শতাংশ ছাড় দেওয়া হবে। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধার সন্তান, দরিদ্র ও মেধাবীদের জন্যও ১০০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ রয়েছে।
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং–ইইই (দিবা ও সন্ধ্যাকালীন), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং–সিএসই (সন্ধ্যাকালীন), এলএলবি, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, ইসলামিক স্টাডিজ (রেগুলার ও সাপ্তাহিক), এমবিএ (রেগুলার ও এক্সিকিউটিভ) ও এমএ ইন ইংলিশ (রেগুলার ও ইভেনিং) বিষয়ে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এ প্যাকেজের আওতায় নির্ধারিত ন্যূনতম টিউশন ফিতে পড়াশোনা শেষ করতে পারবেন শিক্ষার্থীরা।
মেলা উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রধান আহমাদ মাহবুব-উল-আলম, ফার্মেসি বিভাগের প্রধান নারগীস সুলতানা চৌধুরী, সিএসই বিভাগের প্রধান মোহাম্মদ সাজ্জাদ হোসেইন, আইন বিভাগের প্রধান মোহাম্মদ আজহারুল ইসলাম, ইইই বিভাগের প্রধান কে এম আকতারুজ্জামান, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান রোকেয়া সুলতানা, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান রুমান, সেন্টার অব জেনারেল এডুকেশনের কো–অর্ডিনেটর মুহাম্মাদ আবুল কালাম আজাদ প্রমুখ।