মানাস নদের তিন কিলোমিটারে বাঁশের বেড়া দিয়ে মাছ চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে মানাস নদে বাঁশের তৈরি বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাছ চাষ করা হচ্ছে। রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও সদর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত এ নদের তিন কিলোমিটারে বেড়া দিয়েছে স্থানীয় লোকজন। এতে একদিকে নদটি নাব্যতা হারাচ্ছে, অন্যদিকে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। পরিবেশ অধিদপ্তরের রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ অনুযায়ী, নদী বা জলাধারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। এটি আইনত দণ্ডনীয়। মানাস নদে বেড়া দিয়ে মাছ চাষের বিষয়টি তিনি জানেন না। এ ব্যাপারে তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।আনোয়ার হোসেন আরও জানান, নদে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে পানির প্রবাহে বাধার সৃষ্টি হয়। এতে পলি জমে নদের নাব্যতা কমে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মানাস নদটি গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের গজঘণ্টা গ্রাম; মর্ণেয়া ইউনিয়নের বড়রূপাই, জমচওড়া, বালাটারি গ্রাম, সদর উপজেলার তপোধন ইউনিয়নের কইপাড়া, বকশা ও গুলাল বুদাই এবং কাউনিয়া উপজেলার বালারঘাট হয়ে বুড়িতিস্তা নদীতে গিয়ে মিশেছে। শুক্রবার সরেজমিনে দেখা গেছে, এই নদের তিন কিলোমিটার এলাকায় প্রায় ১৫০টি বাঁশের বেড়া দিয়ে মাছ চাষ করা হচ্ছে। একটি বেড়া থেকে অপর বেড়ার দূরত্ব ১৫০ থেকে ২০০ গজ। কোথাও নদের মাঝখানে আবার কোথাও কূলঘেঁষে বেড়া তৈরি করা হয়েছে। মানাস নদের গজঘণ্টা থেকে বালারঘাটা এলাকার লোকজনকে বাঁশের বেড়ার ভেতরে মাছ ধরতে দেখা গেছে। কোথাও কোথাও মাছ চাষ করতেও দেখা গেছে। বাঁশের বেড়া দিয়ে মাছ চাষের সঙ্গে জড়িত গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা বাজার এলাকার ধলো মিয়া বলেন, ‘এমন করি প্রতিবছরই মাছ চাষ করি আসতোছি।’ একই উপজেলার মর্ণেয়া ইউনিয়নের জমচওড়া গ্রামের আবুল কালাম বলেন, ‘মাছ চাষের জন্য নদীত বেড়া দিছি। এটে তো দোষের কিছু দেখি না।’ কাউনিয়া উপজেলার বালাটারি এলাকার বাচ্চা মিয়া বলেন, ‘এমন করি মাছ মারতোছি মেলা দিন থাকি, হামাক তো আইজ পর্যন্ত কাইও বাধা দেলে না।’ সদর উপজেলার তপোধন ইউনিয়নের কইপাড়া গ্রামের মজিবর রহমান বলেন, ‘কয়েক বছর থাকি হামরা এমন করি মাছ মারি আসতোছি।’ এভাবে মাছ চাষ করা সরকারি নিয়ম নেই—এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এটে তো কারও কোনো ক্ষতি হয় না।’ একই এলাকার মফিজুল ইসলাম বলেন, ‘জমি হামার, জমির পানিও হামার।’ গজঘণ্টা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান লিয়াকত আলী বলেন, ‘এভাবে প্রতিবছরই তারা মাছ চাষ করে থাকে। তেমন কোনো ক্ষতি হচ্ছে না বলে তাদের নিষেধও করা হয়নি।’ তপোধন ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম বলেন, ‘বেড়া দিয়ে মাছ ধরার বিষয়টি আমার চোখে পড়েছে। কিন্তু কাউকে কিছু বলিনি।’ গঙ্গাচড়া উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান প্রামাণিক বলেন, ‘সরকারি নদের মধ্যে এভাবে বেড়া দেওয়া ঠিক নয়।’ সদর উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এভাবে মাছ চাষের সরকারি নিয়ম নেই।’ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাইন বিল্লাহ বলেন, ‘এটি আমার জানা নেই। তবে বিষয়টি সহকারী কমিশনারের (ভূমি) মাধ্যমে তদারকের ব্যবস্থা করছি।’গঙ্গাচড়ার ইউএনও মাহবুবুল হক বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে নদের মধ্যে বেড়া দিয়ে কেউ মাছ চাষ করতে পারে না।’