মানাসে পাঁচ কিলোমিটারে বেড়া দিয়ে মা-মাছ নিধন

রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা থেকে কাউনিয়া উপজেলার বালারঘাট পর্যন্ত মানাস নদের পাঁচ কিলোমিটারে বাঁশের চাটাইয়ের বেড়া দিয়ে অবৈধভাবে মা ও ডিমওয়ালা মাছ নিধন করা হচ্ছে।
প্রতিবছরই প্রজননের সময় স্থানীয় লোকজন এভাবে মাছ ধরেন। এতে বংশবৃদ্ধি ব্যাহত হওয়ায় দেশি প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
জেলা মৎস্য কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিনুর রহমান জানান, শ্রাবণ ও ভাদ্র মাস মাছের প্রজননের সময়। এ সময় মা ও ডিমওয়ালা মাছ ধরলে মাছের বংশবৃদ্ধি ব্যাহত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নদটি জেলার গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা বাজার থেকে শুরু হয়ে কাউনিয়া উপজেলার বালারঘাট এলাকা পর্যন্ত বিস্তৃত। এর প্রস্থ কোথাও ৮০ ফুট, আবার কোথাও ১০০ ফুট। মাছ ধরার জন্য নদের অন্তত ১০০টি স্থানে বাঁশের চাটাই দিয়ে বেড়া দেওয়া হয়েছে। কোথাও তীরের কাছে, আবার কোথাও আড়াআড়ি বেড়া দেওয়া হয়েছে। মাছ ধরার জন্য বেড়ার একটি অংশ খুলে রাখা হয়। ওই অংশ দিয়ে ভেতরে ঢোকার পর জাল দিয়ে মাছ ধরা হয়। ইউনিয়ন পরিষদ কিংবা স্থানীয় প্রশাসন যাঁরা এভাবে মাছ ধরেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয় না।
সরেজমিন দেখা যায়, কাউনিয়া উপজেলার বালারঘাট গ্রামের আনিসুর রহমান নদে ২০০ গজে বাঁশের চাটাই দিয়ে দুটি বেড়া দিয়েছেন। ওই এলাকার মোখলেছুর রহমান, এজাজুল ইসলাম, শফিকুল ইসলাম, মোজাফফর হোসেনও একইভাবে মাছ ধরছেন। তাঁরা জাল দিয়ে পুঁটি, শিং, মাগুর, কৈ, শোল, বৈরালীসহ বিভিন্ন প্রজাতির ডিমওয়ালা মাছ ধরছেন।
বুদাই গ্রামের শফিকুল ইসলাম বলেন, ‘আড়াআড়িভাবে চাটাই দিয়ে প্রতিবছরই আমরা মাছ ধরি। এতে তো কারও কোনো অসুবিধা হইতোছে না।’ মৌভাষা গ্রামের কৃষক আফজাল মিয়া জানান, এ সময় মাছ ডিম ছাড়ে। তাই এভাবে ধরলে মাছের বংশবৃদ্ধি ব্যাহত হবে।
গঙ্গাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান প্রামাণিক বলেন, ‘বিষয়টি দেখেছি। এ ব্যাপারে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’ জেলা মৎস্য কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিনুর রহমান বলেন, নদীতে বেড়া দিয়ে মাছ ধরা নিষেধ। এ ছাড়া মৎস্য আইনেও ডিমওয়ালা মাছ ধরা দণ্ডনীয় অপরাধ। এ ব্যাপারে তিনি খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেবেন।