মানি লন্ডারিং মামলা, সোনালী ব্যাংকের চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ
সোনালী ব্যাংকের রমনা করপোরেট শাখা থেকে ঋণ জালিয়াতির ঘটনায় ব্যাংকের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে টানা পাঁচ ঘণ্টা ওই কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁরা হলেন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আজিজুল হক, মো. ওয়াহিদ উদ্দিন, মো. শাজাহান হাওলাদার ও জহিরুল ইসলাম।
মামলার অভিযোগ, ফেয়ার উইভিং মিলস নামের একটি ভুয়া প্রতিষ্ঠান সোনালী ব্যাংকের ওই শাখার ১৫৬ কোটি টাকা আত্মসাত্ করে। এতে ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে।
এ ঘটনায় ব্যাংকের ওই শাখার এজিএম মো. মিরন মিয়া গত ৭ জানুয়ারি বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর-৭)। কিন্তু মামলাটি মানিলন্ডারিং-সংক্রান্ত হওয়ায় তদন্তের জন্য দুদককে হস্তান্তর করেছে শাহবাগ থানা।
এ ঘটনায় অনুসন্ধান দলের কর্মকর্তা উপপরিচালক মো. হারুনুর রশীদ বলেন, ইতিমধ্যে গতকাল সোমবার চার ব্যাংক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরও চার কর্মকর্তাকে আগামীকাল বুধবার জিজ্ঞাসাবাদ করা হবে।