বিদেশে অর্থ লেনদেনের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে খালাসের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। তাঁকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেন। আদেশে বলা হয়, আত্মসমর্পণ করলে সন্তুষ্টি সাপেক্ষে বিচারিক আদালত তাঁর জামিন দিতে পারবেন। বিচারিক আদালতের মামলার নথিও তলব করা হয়। তারেককে খালাসের ওই রায়ের বিরুদ্ধে আপিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মো. মোতাহার হোসেন গত ১৭ নভেম্বর এই মামলার রায়ে তারেক রহমানকে খালাস এবং তাঁর বন্ধু ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ডাদেশ ও ৪০ কোটি টাকা জরিমানার আদেশ দেন। পাচার করা ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৬১৩ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয় রায়ে।
তারেক রহমানকে খালাসের রায়ের বিরুদ্ধে গত ৫ ডিসেম্বর সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল দাখিল করে দুদক। আপিলের গ্রহণযোগ্যতা প্রশ্নে দুই দিন শুনানি শেষে গতকাল আদালত আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। আদেশের বিষয়টি জানিয়ে খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, আপিল গ্রহণের নোটিশ রাষ্ট্র ও তারেক রহমানের প্রতি জারি করা হবে। বিচারিক আদালতের নথি আসার পর পেপারবুক হলে আপিল শুনানির জন্য প্রস্তুত হবে। এরপর দিন ধার্য করার জন্য আবেদন জানানো হবে।
শুনানিতে দুদকের আইনজীবী বলেন, তারেক রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ মানি লন্ডারিংয়ের সংজ্ঞায় পড়ে। যুক্তরাষ্ট্রের এফবিআই কর্মকর্তাসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্য আইনানুগভাবে পর্যালোচনা না করে বিচারিক আদালত রায় দিয়েছেন। অভিযোগের পক্ষে মৌখিক ও দালিলিক সাক্ষী আরও পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা হলে রায় ভিন্ন হতে পারত। তাই শুনানির জন্য আপিল গ্রহণ করা সমীচীন।
২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় ওই মামলা করে দুদক। ২০১০ সালের ৬ জুলাই তারেক ও মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। ২০১১ সালের ৮ আগস্ট তারেককে পলাতক দেখিয়ে অভিযোগ গঠন করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার জন্য নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের মালিক খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াসউদ্দিন আল মামুন ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নেন। সিঙ্গাপুরে এই টাকা লেনদেন হয়। মামুন ওই টাকা সিঙ্গাপুরের একটি ব্যাংকে তাঁর হিসাবে জমা করেন। এই টাকার মধ্যে তারেক রহমান তিন কোটি ৭৮ লাখ টাকা খরচ করেন।
বিচারপ্রক্রিয়া চলাকালে তারেক রহমান অনুপস্থিত ছিলেন। বিচারকালে গত বছরের ২৬ মে আদালত ইন্টারপোলের মাধ্যমে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। রায়ের পর ওই পরোয়ানা প্রত্যাহারের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারকে নির্দেশ দেওয়া হয়। রায়ের পর মামুনকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। সাজার রায়ের বিরুদ্ধে মামুনের করা আপিল গ্রহণযোগ্যতা প্রশ্নে শুনানির অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।