মানি লন্ডারিং রোধে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ ব্যবস্থায় আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশ।
আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী জানিয়েছেন, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণকারী সংস্থা ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স (এফএটিএফ) বাংলাদেশকে ওই স্বীকৃতি দিয়েছে। সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত সভায় এফএটিএফের ধূসর তালিকা থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে।

অর্থমন্ত্রী আরও বলেছেন, ‘গত কয়েক বছরে আমরা মানি লন্ডারিং প্রতিরোধে যেসব বিধি-বিধান তৈরি করেছি, সেই প্রেক্ষিতেই এফএটিএফের সভায় বাংলাদেশের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। ধূসর তালিকা যেটা ছিল, তা থেকে যদি আমরা কালো তালিকায় ঢুকে যেতাম তাহলে আন্তর্জাতিকভাবে আমাদের মানমর্যাদা প্রশ্নের মুখে পড়ত।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশে ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, এখন ঋণপত্র (এলসি) খোলায় খরচ কম হবে। ধূসর বা কালো তালিকাভুক্ত থাকলে বৈদেশিক সাহায্য পেতেও সমস্যা হয়।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম বলেন, ‘অনেক কষ্ট করে আমরা ধূসর তালিকা থেকে ঘন ধূসর তালিকায় যাওয়া ঠেকিয়ে রেখেছিলাম। বিভিন্ন তত্পরতার মাধ্যমে বর্তমানে আমরা ধূসর তালিকা থেকেই বেরিয়ে এসেছি। এটা আমাদের জন্য বিশাল অর্জন।’