মানি লন্ডারিংয়ের মামলায় খন্দকার মোশাররফের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানি লন্ডারিংয়ের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার আপিল বিভাগে যাবেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী।
বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার ওই মামলায় খন্দকার মোশাররফের জামিন মঞ্জুর করেন। আদালতে তাঁর পক্ষে ছিলেন আইনজীবী নিতাই রায় চৌধুরী ও নাজমুল হুদা। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
আদেশের পর খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, আদালত আদেশে বলেছেন, খন্দকার মোশাররফের পাসপোর্ট আদালতে জমা দিতে হবে। তাঁর যে ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, তাতে কোনো লেনদেন করা যাবে না। আদালতের অনুমতি ছাড়া তিনি বিদেশে যেতে পারবেন না। আদালত আরও বলেছেন, দ্রুত আইনানুগভাবে বিচারিক আদালতে মামলাটি নিষ্পত্তি করতে হবে।
দুদকের আইনজীবী আরও বলেন, ‘হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে বৃহস্পতিবার আমরা আপিল বিভাগে আবেদন করব।’
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খন্দকার মোশাররফ তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। ওই সময় ক্ষমতার অপব্যবহার করে প্রায় সাড়ে নয় কোটি টাকা পাচারের অভিযোগে গত বছরের ফেব্রুয়ারিতে তাঁর বিরুদ্ধে এ মামলা করে দুদক। মামলা হওয়ার পর তিনি হাইকোর্ট থেকে আগাম জামিন নিলেও পরে আপিল বিভাগ তা বাতিল করেন। এরপর ১২ মার্চ গুলশানের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।