মানি লন্ডারিংয়ের 'ঝুঁকিপূর্ণ' তালিকা মুক্ত বাংলাদেশ
মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে নিয়োজিত আন্তর্জাতিক সংস্থা ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের (এফএটিএফ) ‘ধূসর’ বা ঝুঁকিপূর্ণ তালিকা থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ।
সচিবালয়ে গতকাল সোমবার অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম, অতিরিক্ত সচিব অমলেন্দু মুখার্জি ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন। এফএটিএফ হলো ৩৪টি উন্নত দেশ ও দুটি আঞ্চলিক সংস্থা নিয়ে গঠিত আন্তরাষ্ট্রিক সংস্থা, যা মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণ ও বাস্তবায়ন নিশ্চিত করে। এফএটিএফের এই মানদণ্ড জাতিসংঘের বিভিন্ন সনদ ও প্রটোকলের ওপর ভিত্তি করে রচিত, যা বিশ্বের ১৮০টি দেশ বা রাষ্ট্রের জন্য পরিপালনীয়।
২০১০ সালের অক্টোবর থেকে পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশও এফএটিএফের পর্যবেক্ষণে ছিল। এর মধ্যে শ্রীলঙ্কা ও থাইল্যান্ড কালো তালিকাভুক্ত হয়েও গত অক্টোবরে আবার বেরিয়ে যায়। আর এ দফায় ভিয়েতনাম কালো তালিকা থেকে ও বাংলাদেশ ধূসর তালিকা থেকে বের হয়।
বর্তমানে এফএটিএফের কালো তালিকাভুক্ত দেশগুলো হচ্ছে পাকিস্তান, উত্তর কোরিয়া, ইরান, মিয়ানমার, ইন্দোনেশিয়া, আলজেরিয়া, ইকুয়েডর, ইথিওপিয়া, সিরিয়া, তুরস্ক ও ইয়েমেন। আর ১৯টি দেশ ধূসর তালিকাভুক্ত।
ফ্রান্সের প্যারিসে ৯-১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এফএটিএফের আন্তর্জাতিক সহযোগিতা ও পর্যালোচনা দলের (আইসিআরজি) সভায় ধূসর তালিকা থেকে বাংলাদেশকে বের করে নিয়ে আসার পক্ষে প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। প্রস্তাবে অন্য সব সদস্য দেশ সমর্থন দেয়।
অর্থমন্ত্রী বলেন, ‘২০০৯ সালে আমরা যখন ক্ষমতায় এলাম, তখন থেকেই এফএটিএফের নজরদারির মধ্যে ছিলাম। সেটি থেকে মুক্ত হলাম এখন। আমি মনে করি, এটা এক বিরাট অর্জন।’
ব্রিফিংয়ে জানানো হয়, কালো তালিকাভুক্ত দেশের ব্যাংকের সঙ্গে উন্নত দেশের কোনো ব্যাংক সম্পর্ক রাখতে চায় না। রাখলেও ঋণপত্রে (এলসি) বেশি মাশুল নেয়। উন্নয়ন সহযোগী সংস্থাগুলোও সহায়তা দিতে চায় না।
আতিউর রহমান বলেন, কালো বা ধূসর তালিকায় থাকলে ব্যবসায়ের ব্যয় বাড়ে, রপ্তানি বাধাগ্রস্ত হয়, বৈদেশিক সাহায্যও কম পাওয়া যায়। এখন আর এসব শঙ্কা করতে হবে না।
এ প্রসঙ্গে আবু হেনা মোহা. রাজী হাসান বলেন, অন্য দেশের জন্য ঋণপত্রের মাশুল যেখানে দশমিক ২৫ শতাংশ থেকে দশমিক ৫০ শতাংশ ছিল, ধূসর তালিকার কারণে বাংলাদেশের জন্য তা ছিল ১ শতাংশের বেশি।
আইনকানুন প্রণয়ন করে ধূসর তালিকা থেকে বেরিয়ে এলেও সেই আইনের প্রয়োগ না হলে বা বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংক সতর্ক না থাকলে আবারও ধূসর বা কালো তালিকাভুক্ত হয়ে যেতে পারে বাংলাদেশ। এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকসহ নিশ্চয়ই সবাই সতর্ক থাকবে।
এম আসলাম আলম বলেন, ‘এটি যথার্থ প্রসঙ্গ। হাত-পা গুটিয়ে থাকলে হবে না। খেয়াল রাখতে হবে, আমাদের যেন পেছনের দিকে যেতে না হয়।’