
রঙে আর নকশায় রঙিন হবে মানিক মিয়া অ্যাভিনিউ। আজ রোববার রাতে অগুনতি হাতের তুলির টানে রঙের ছোঁয়া লাগবে রাজধানীর এই প্রশস্ততম সড়কে। সোমবার ১৪২১ বঙ্গাব্দের প্রথম দিন, পয়লা বৈশাখে রাজধানীবাসীকে স্বাগত জানাবে এই সড়কজোড়া চোখজুড়ানো আলপনা।
প্রথম আলো ও এয়ারটেলের যৌথ উদ্যোগে তৃতীয়বারের মতো বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে আলপনা আঁকা শুরু হবে আজ রাত নয়টায়। চলবে ভোর পর্যন্ত। ‘আলপনায় বৈশাখ-১৪২১’ নামের এই আলপনা আঁকার উদ্যোগে সহায়তা দিচ্ছে বার্জার পেইন্টস, এশিয়াটিক ৩৬০ মার্কেটিং কমিউনিকেশন এবং প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। দেশের চার খ্যাতনামা শিল্পী কাইয়ুম চৌধুরী, সমরজিৎ রায়চৌধুরী, মনিরুজ্জামান ও অশোক কর্মকারের নেতৃত্বে প্রায় সাড়ে তিন শ শিল্পী আলপনা আঁকায় অংশ নেবেন। এ ছাড়া দেশের বিশিষ্ট শিল্পীরাও রাজপথটি রাঙিয়ে তুলতে রংতুলি হাতে তুলবেন। আঁকতে বাধা নেই কারও। আঁকাজোঁকায় হাত আছে এমন যে কেউই নির্দ্বিধায় এসে রংতুলি হাতে তুলে নিতে পারেন। এই বিপুল কর্মযজ্ঞে অংশ নিয়ে বিদায়ী বছরটির শেষ রাতটিকে রাখতে পারেন স্মরণীয় করে।
আলপনা আঁকার এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উপস্থিত থাকবেন বার্জার পেইন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার রাজনিশ কাওল, চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার আশরাফুল হক চৌধুরী, চিফ সার্ভিস অফিসার রুবাবা দৌলা ও হেড অব মার্কেটিং মীর নওবত আলী, এশিয়াটিক ৩৬০ মার্কেটিং কমিউনিকেশনের চেয়ারম্যান আলী যাকের ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।
প্রথম আলো ও এয়ারটেলের আয়োজনে ১৪১৮ বঙ্গাব্দের ৩০ চৈত্র রাতে প্রথমবার জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ ‘আঁকব আমরা দেখবে বিশ্ব’ শীর্ষক আলপনা আঁকা শুরু হয়। বাংলা নতুন বছর ১৪১৯কে স্বাগত জানিয়ে সেবার সড়কের এক লাখ ৬০ হাজার বর্গফুটজুড়ে আলপনা আঁকা হয়েছিল। বিপুলসংখ্যক উৎসাহী শিশু, যুবা, তরুণ-তরুণী এতে অংশ নিয়েছিলেন।
‘আলপনায় বৈশাখ’ নামে গত বছরের (১৪১৯ বঙ্গাব্দ) আয়োজনে প্রায় আড়াই শ শিল্পীর সঙ্গে অসংখ্য উৎসাহী আঁকিয়ে সারা রাত ধরে দুই লাখ ৩০ হাজার বর্গফুটজুড়ে আলপনা এঁকেছিলেন। এবারের পরিকল্পনা আড়াই লাখ বর্গফুটে আলপনা আঁকা।
গত মঙ্গলবার ৮ এপ্রিল, আনুষ্ঠানিকভাবে এবারের আলপনার স্মারক নকশা উন্মোচন করা হয়। বাংলাদেশের প্রকৃতি, জীবনচক্র ও দেশের উন্নয়নের বিভিন্ন বিষয় এবারের নকশায় তুলে ধরা হয়েছে। আলপনা আঁকার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। আগ্রহীরা চলে আসুন আজ বছরের শেষ সূর্যাস্তের পর রাত নয়টায় মধ্যে। পথের মতো নিজের অভিজ্ঞতাকেও রাঙিয়ে তুলুন বর্ণচ্ছটায়।