মানিক মিয়া অ্যাভিনিউতে বৈশাখের আলপনা
বাংলা নতুন বছরের প্রথম দিন পয়লা বৈশাখকে সামনে রেখে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে চলছে আলপনা আঁকার কাজ। শিল্পী মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে এক দল শিল্পী বুধবার রাত পৌনে ১২টার দিকে এই আলপনা আকার কাজ শুরু করেন।
‘বার্জার রঙে রঙিন বৈশাখ ১৪২৩’ শীর্ষক এই আলপনা আঁকার কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বুধবার রাত পৌনে ১২টায় লাল রঙের একটি আলপনা দিয়ে তিনি আলপনা আঁকার উদ্বোধন করেন। উদ্বোধনের পর স্পিকার বলেন, আলপনা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে মিশে আছে। আলপনাতে যে সব ছবি আঁকা হয় তাও গ্রাম বাংলার সংস্কৃতি অংশ। এ নতুন বছর রঙে রঙিন হোক বাঙালির।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর বলেন, বৈশাখের সঙ্গে ইলিশ ও পান্তা ভাতের কোনো সম্পর্ক নেই। বাঙালি পান্তা সারা বছরই খায়। শহুরে মানুষ একদিন পান্তা খেয়ে বৈশাখ উদযাপন করার রেওয়াজ চালু করেছে। কিন্তু এর সঙ্গে ইলিশ খেতে শুরু করলে সারা বছর আর ইলিশ মিলবে না। সে জন্য বৈশাখে ইলিশ খেতে বারণ করা হয়েছে। মন্ত্রী বলেন, আমরা কায়োমনে বাঙালি হতে পারলে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারব। সে জন্য সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এটাই শুভ দিন।
বার্জারের পৃষ্ঠপোষকতায় এবং এশিয়াটিক ইএক্সপির আয়োজনে এই আলপনা উৎসবে আরও বক্তৃতা দেন শিল্পী মনিরুজ্জামান এবং এশিয়াটিকের চেয়ারম্যান আলী যাকের প্রমুখ।
অঙ্কনের এ উৎসব বৃহস্পতিবার ভোর পর্যন্ত চলবে। সংস্কৃতি অঙ্গনের প্রথিতযশা শিল্পী এবং রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থী, অঙ্কনশিল্পী ও সংস্কৃতিমনা জনসাধারণের অংশগ্রহণে এ আয়োজন চলবে। এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী অদিতি এবং তাঁর দল সংগীত পরিবেশন করবে। এ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বেসরকারি একাত্তর টেলিভিশন ও রেডিও স্বাধীন।