মানিক মিয়া অ্যাভিনিউয়ে কাল ‘আলপনায় বৈশাখ’
ঢাকার রাজপথে দৈর্ঘ্য-প্রস্থে তাক লাগিয়ে দেওয়ার মতো বিশাল আলপনা আঁকার সুযোগ এসেছে আবার। কাল শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের এমাথা-ওমাথাজুড়ে আঁকা হবে বিশাল আলপনা। আঁকিয়েরা তো অংশ নেবেনই, যাঁরা আকতে পারেন না, আসতে বাধা নেই তাঁদেরও। দর্শক হিসেবে এ অপূর্ব ঘটনাটির সাক্ষী হয়ে থাকতে পারবেন তাঁরাও। ‘আলপনায় বৈশাখ-১৪২০’ শিরোনামের এ আয়োজনের আয়োজক মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেল ও প্রথম আলো। সহযোগিতায় রয়েছে বার্জার। আলপনা আঁকা শুরু হবে কাল ৩০ চৈত্র (১৩ এপ্রিল) রাত ১১টায়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সামনে এ কার্যক্রমের লোগো উন্মোচন করা হয়। প্রস্তুতি পর্ব হিসেবে মানিক মিয়া অ্যাভিনিউতে আলপনা আঁকার প্রারম্ভিক পর্বে উপস্থিত ছিলেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, মনিরুজ্জামান, অশোক কর্মকার প্রমুখ। এ ছাড়া ছিলেন এয়ারটেলের বিপণন বিভাগের প্রধান মীর নওবত আলী, বার্জারের বিপণন প্রধান সাদিক নাওয়াজ, এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনের চেয়ারম্যান আলী যাকের ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। এ সময় আয়োজক ও অতিথিরা এবারের আয়োজনের জন্য আঁকা লোগো উপস্থাপন করেন। বিশাল আলপনা আঁকার এ মহাযজ্ঞে শামিল হওয়ার জন্য রং-নকশায় খানিকটা দখল থাকলেই চলবে। এ দীর্ঘ আলপনা আঁকার পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে শিল্পী মনিরুজ্জামান জানান, ‘এবার ছয় রঙে সড়কের মাঝখানের বিভক্তিসংলগ্ন অংশের উভয় পাশে আলপনা আঁকা হবে। দৈর্ঘ্য হবে সাড়ে তিন লাখ বর্গফুটের বেশি। জ্যেষ্ঠ শিল্পীদের তত্ত্বাবধানে মোট ১৬টি দলে ভাগ হয়ে আঁকব আমরা। প্রতিটি দলে থাকবেন অঙ্কনে সিদ্ধহস্ত ১৭ থেকে ২০ জন শিল্পী।’ এ আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউডা) ও চারুকলার ২৩০ জন শিক্ষার্থী এবং নবীন-প্রবীণ শিল্পীরা কাজ করবেন। তাঁরা সড়কের একেকটি অংশে অঙ্কন করবেন। তাঁদের সঙ্গে অঙ্কনে পারদর্শী যে কেউ অংশ নিতে পারবেন। আয়োজন সবার জন্য উন্মুক্ত। তবে পুরো আয়োজন নির্ধারিত শিল্পীদের তত্ত্বাবধানে হবে। আঁকার আনুমানিক সময় ধরা হয়েছে চার ঘণ্টা।এ আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে শিল্পী কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমাদের দেশের অসাম্প্রদায়িক উৎসবের মধ্যে বাংলা নববর্ষ অন্যতম। বছরের প্রথম দিনটিকে সুন্দর করে উদ্যাপনের জন্য নানা আয়োজন থাকে। জনজীবনে সুরুচির প্রসার ঘটানো এবং সৌন্দর্যবোধ জাগানোর জন্য এ ধরনের পথচিত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাম্প্রতিক সময়ে আমাদের দেশ ও দেশের সংস্কৃতিকে পিছিয়ে নেওয়ার যে ষড়যন্ত্র চলছে, এবার মানিক মিয়া অ্যাভিনিউয়ের এ দীর্ঘ পথে আলপনা আঁকার মধ্য দিয়ে আমরা তার প্রতিবাদ জানাব।’শিল্পী রফিকুন নবী বলেন, ‘ঐতিহ্যগতভাবেই আলপনা আঁকার অভ্যাস আমাদের আছে। আমাদের যাবতীয় ব্যবহারিক জিনিসপত্রের সঙ্গেই দৃষ্টিনন্দন নকশার একটি সমন্বয় রয়েছে। কালের পরিক্রমায় এ লোকশিল্প আমাদের বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের কর্মকাণ্ডের সঙ্গে নানাভাবে জড়িয়ে একধরনের রাজনৈতিক বিশিষ্টতাও লাভ করেছে। একুশে ফেব্রুয়ারিতে রাজপথে, বিভিন্ন সংগঠনের সম্মেলন কেন্দ্রের সামনে, অনুষ্ঠানের সজ্জায় আলপনা উপস্থাপিত হয়েছে আধুনিক জনরুচির উপযোগী আঙ্গিকে। সাংস্কৃতিক চেতনাসঞ্চারে এর বিরাট ভূমিকা রয়েছে।’ তিনি এবারের আয়োজনটি একটি অভূতপূর্ব দর্শনীয় বিষয় হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন।প্রসঙ্গত, গত বছরেও পয়লা বৈশাখের আগের রাতে মানিক মিয়া অ্যাভিনিউতে ‘আঁকব আমরা, দেখবে বিশ্ব’ শীর্ষক আলপনা অঙ্কন উৎসবের আয়োজন করা হয়েছিল।