মানিক চৌধুরী ছিলেন একজন আন্দোলনমুখী মানুষ। তাঁর জন্ম না হলে মুক্তিযুদ্ধে হবিগঞ্জে নেতৃত্ব দেওয়া কঠিন ছিল। দেশপ্রেমের কারণে তিনি সমরে ও শান্তিতে ছিলেন যোদ্ধা-সৈনিক। সমরে তাঁর যুদ্ধ ছিল দেশকে মুক্ত করার, যুদ্ধ শেষে তাঁর সমর ছিল দেশ গড়ার।
স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরী স্মৃতি পাঠাগার ও মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন উপলক্ষে গতকাল শনিবার হবিগঞ্জে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ।
বক্তব্য দেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ আবদুল মজিদ খান, মুক্তিযুদ্ধকালীন সেক্টর কমান্ডার কর্নেল আবু ওসমান চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারোয়ার আলী, সমাজকর্মী ও কারুশিল্প গবেষক মালেকা খান, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক সৈয়দ আফরোজ বখত মুজিবুর রহমান, অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, মানিক চৌধুরীর সহধর্মিণী রোকেয়া চৌধুরী, মেয়ে সাংসদ আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শোয়েব চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, মানিক চৌধুরী মৃত্যুর পর স্বাধীনতা পদক পেলেন। তাঁর জীবদ্দশায় এ স্বীকৃতি এল না। তিনি কৃষিক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৪ সালে ‘বঙ্গবন্ধু কৃষি পদক’ পান।
আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাবেক এমএনএ মানিক চৌধুরী চলতি বছর স্বাধীনতা পদক পান।