মানিক সরকারকে সম্মাননা জানানো নিয়ে ত্রিপুরা বিধানসভায় বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ যে ১২৯ জন বিদেশি নাগরিককে সম্মাননা জানানোর সিদ্ধান্ত নিয়েছে, এর মধ্যে ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের নাম থাকায় গত বুধবার রাজ্যের বিধানসভায় তুমুল বিতর্ক হয়েছে। বিরোধী বিধায়কদের দাবি, এই সম্মাননা ত্রিপুরাবাসীর পাওয়া উচিত।রাজ্য বিধানসভায় কংগ্রেসের বিধায়ক সুরজিৎ দত্ত মুখ্যমন্ত্রীর কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি কী অবদান রেখেছিলেন, তা জানতে চান। কংগ্রেস সদস্যদের অভিযোগ, মুক্তিযুদ্ধে মানিক সরকারের কোনো অবদান নেই। তাই তাঁর নাম সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিদের তালিকায় থাকা উচিত নয়। বিরোধী দলের নেতা রতন লাল নাথ বলেন, বাংলাদেশ যদি মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ না জানিয়ে ত্রিপুরার জনগণের প্রতিনিধি হিসেবে আমন্ত্রণ জানাত, তা হলে বলার কিছু ছিল না। কিন্তু তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে ব্যক্তিগত অবদানের জন্য।বিধানসভার স্পিকার রামেন্দ্র চন্দ্র দেবনাথ বলেন, এটি একান্তই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে এই বিধানসভায় আলোচনা হতে পারে না। এরপর বিরোধীরা মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন।জবাবে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, তাঁকে যে সম্মাননা দেওয়া হচ্ছে, তা আসলে ত্রিপুরাবাসীরই। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণভাবেই বাংলাদেশ সরকারের। মুখ্যমন্ত্রী বলেন, তাঁকে যদি সম্মাননা দেওয়া হয়, তা হবে ত্রিপুরাবাসীর পক্ষেই। বিদেশি ও বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশের বিরুদ্ধে কথা বলার সময় ভদ্রতা ও সৌজন্য দেখানো জরুরি বলেও উল্লেখ করেন তিনি।